অ্যাসিড ছোড়ায় এক ব্যক্তির যাবজ্জীবন
অ্যাসিড ছুড়ে মারার দায়ে সুমিত ধর নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় সুমিতের স্ত্রী মমিতা দত্তকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।
রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আসামি সুমিত ধর জামিনে গিয়ে পলাতক।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি নগরের রহমতগঞ্জ এলাকায় একটি স্কুলের সামনে তমাল চন্দ্রকে (৩০) অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে দুই চোখ ক্ষতিগ্রস্ত হলে অন্ধ হয়ে যান তিনি।
ওই ঘটনায় তমালের বাবা বাবুল দে বাদী হয়ে ওই বছরের ২১ ফেব্রুয়ারি নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সুমিত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৯ সালের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ২৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রোববার এ রায় দেন।
মামলার এজাহার ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মমিতা ও ভুক্তভোগী তমাল দূর সম্পর্কের আত্মীয় ছিলেন। কিন্তু মমিতার বিয়ের পরে তাঁকে উত্ত্যক্ত করতেন তিনি। মমিতার স্বামী সুমিত শায়েস্তা করতে তমালকে অ্যাসিড ছোড়েন। এতে গুরুতর দগ্ধ হন তমাল।