অ্যাসিড দিয়ে ছাত্রীর গায়ে নাম লিখেছে বখাটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক যুবক চতুর্থ শ্রেণীর মাদ্রাসাছাত্রীকে ধরে নিয়ে অ্যাসিড দিয়ে তার বুকে নিজের নাম লিখে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৬ জুন এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, সাইফুল ইসলাম ওরফে শিপু (২২) নামের এক যুবক দু-তিন মাস ধরে চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। এতে মেয়েটির অসহায় বাবা বাধ্য হয়ে তার মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেন। ওই ছাত্রীর মা বলেন, ৬ জুন বিকেলে তাঁর মেয়ে বাড়ির পাশের খালে গোসল করতে গেলে সাইফুল তাকে ধরে পাশের জঙ্গলে নিয়ে যান। পরে তাঁর মেয়েকে ছোরার ভয় দেখিয়ে তার বুকে অ্যাসিড দিয়ে সাইফুল নিজের নাম লিখে দেন। এ সময় তাঁর মেয়ে অজ্ঞান হয়ে যায়। তিনি বলেন, স্থানীয় লোকজন তাঁর মেয়েকে জঙ্গলে পড়ে থাকতে দেখে খবর দিলে তাঁরা তাকে উদ্ধার করেন। সেদিনই সাইফুলের বাবা উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে চিকিৎসার জন্য তাঁর মেয়েকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। কিন্তু তাঁর মেয়ে একটু সুস্থ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তিনি টালবাহানা শুরু করেন।অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে সাইফুলের মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ভাই নজরুল ইসলাম মুঠোফোনে দাবি করেন, তাঁর ভাই সাইফুল ঘটনার সঙ্গে জড়িত নন।পুলিশ জানায়, ১৭ জুন মেয়েটির বাবা সাইফুলের বিরুদ্ধে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছে।চকরিয়া থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। শিগগিরই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।