অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কলেজছাত্রী আফরোজার (১৭) ওপর অ্যাসিড নিক্ষেপকারীর গ্রেপ্তারের দাবিতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। ময়মনসিংহ শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় এ মানববন্ধন হয়।
আফরোজা ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনে অ্যাসিড নিক্ষেপকারী মো. শামীমকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে ময়মনসিংহ প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা ছাড়াও আনন্দ মোহন সরকারি কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আফরোজার স্বজন ও ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা অংশ নেন।
আফরোজার পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার জাটিয়া ইউনিয়নের হারিশ্বর গ্রামের মো. শামীম (২১) দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবদুর রহমানের মেয়ে আফরোজাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে ঘরের জানালা দিয়ে শামীম আফরোজাকে অ্যাসিড ছুড়ে মারেন। এতে আফরোজার বাঁ চোখের পাতা ও মুখমণ্ডলের একাংশ পুড়ে যায়। এ ঘটনায় আফরোজার বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় শামীমসহ তিনজনকে আসামি করে মামলা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, শামীম পলাতক রয়েছেন।