অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে অ্যাসিডে মা-মেয়ে দগ্ধ হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে প্রথম আলো নরসিংদী বন্ধুসভা। শহরের উপজেলা মোড়ে প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার এ মানববন্ধন হয়।
মনোহরদীর চরমান্দালিয়া ইউনিয়নের চটালিয়াপাড়া এলাকায় গত শুক্রবার রাত ১২টার দিকে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে সাবিকুন নাহার (২২) ও তাঁর মা রোকেয়া বেগম (৪২) দগ্ধ হন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, সাবিকুনের সাবেক স্বামী দৌলত মিয়া ওই ঘটনা ঘটিয়েছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, ২০০৮ সালে সাবিকুন নাহারের সঙ্গে একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে দৌলত মিয়ার বিয়ে হয়। দুই বছর সংসার করার পর তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ২০১০ সালে লেবুতলা এলাকার ইব্রাহিম মিয়ার সঙ্গে সাবিকুনের বিয়ে হয়। সম্প্রতি দৌলত মিয়া সাবিকুনের শ্বশুরবাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যান। সেখানে তাঁদের দুজনের মধ্যে কথাবার্তা হয়। কিছুদিন আগে সাবিকুন ইব্রাহিম মিয়ার বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন। এরপর দৌলত মিয়া বারবার সাবিকুনের সঙ্গে যোগাযোগ করতে থাকেন এবং তাঁকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এতে সাবিকুনের পরিবারের লোকজন মত দেয়নি। এ ঘটনায় ক্ষোভে দৌলত মিয়া শুক্রবার রাতে জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারেন।
এ ঘটনায় সাবিকুনের বাবা আবদুল মান্নান বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন চটালিয়াপাড়া এলাকার দৌলত মিয়া, তাঁর বাবা মোহাম্মদ আলী, মা রাবেয়া বেগম, সহযোগী মান্নান মিয়া, কারিমা বেগম ও জুয়েল মিয়া।
এ ঘটনায় পুলিশ কারিমা বেগমকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা ধরা পড়েননি। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করেন প্রথম আলো নরসিংদী বন্ধুসভার সদস্যরা। এতে উপস্থিত ছিলেন আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, নরসিংদী বন্ধুসভার উপদেষ্টা বাপ্পী সাহা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক শাশ্বতী দে, তাসনুবা হক, মন্দিরা রায়, সৈকত পাল, মাহবুবুর রহমান, ফজলুল করিম প্রমুখ। মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’