অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে ননদ-ভাবির ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী পৌর সদরের তারাগঞ্জ উত্তর বাজারে এ মানববন্ধন করা হয়। নালিতাবাড়ী বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বন্ধুসভার সদস্যরা ছাড়াও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আবদুল হাকিম সঞ্চৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেন রায়, ইন্তাজ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়দা খাতুন, উপজেলা এনজিও ঐক্য পরিষদের সভাপতি এম এ রায়হান প্রমুখ। অভিযোগ উঠেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার ভোরে ঝিনাইগাতী উপজেলার হলদিবাটা গ্রামে খালেদা বেগম (৪০) ও তাঁর ননদ ফুলনেছা বেগমের (৪০) ওপর অ্যাসিড নিক্ষেপ করেন একই গ্রামের আকতার হোসেন, তাঁর সহযোগী জয়নাল, নুর ইসলাম। এতে ফুলনেছা ও খালেদার মুখের বিভিন্ন অংশ ঝলসে যায়। উন্নত চিকিৎসার জন্য ওই দুজনকে ঢাকায় অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে পাঠানো হয়েছে। তবে অ্যাসিড নিক্ষেপে জড়িত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল উদ্দিন তরফদার প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার হাছান আলী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।