পাবনায় লাইসেন্সবিহীন অ্যাসিড বিক্রি বন্ধ ও জেলা সদরের হিমাইতপুরে এক বাল্যবধূকে ছুরিকাঘাতের পর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা শহরের আবদুল হামিদ সড়কের প্রেসক্লাব মোড়ে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এর আয়োজন করে প্রথম আলো পাবনা বন্ধুসভা। এতে বন্ধুদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বেলা সাড়ে ১১টায় জেলার বিভিন্ন এলাকা থেকে বন্ধুসভার বন্ধুরা এসে শহরের আবদুল হামিদ সড়কে সমবেত হন। পড়ে তাঁরা হাতে হাত ধরে দাঁড়িয়ে যান। প্রায় ৩০ মিনিটব্যাপী মানববন্ধনে যত্রতত্র লাইসেন্সবিহীন অ্যাসিড বিক্রি ও পাবনা জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এক বাল্যবধূকে অ্যাসিডে দগ্ধ করার ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি দাবি করা হয়। বন্ধুসভার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সেচ্ছাসেবী সংগঠন আজকের প্রজন্ম ফোরামের প্রধান উপদেষ্টা উৎপল মির্জা, পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, এ আর কর্ণার হোসিয়ারি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, পাবনা বন্ধুসভার সহসভাপতি জুয়েল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সিমান্ত সেতু এবং প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ।
উৎপল মির্জা বলেন, ‘অ্যাসিড-সন্ত্রাস বন্ধে দেশে কঠোর আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নেই। ফলে পাবনাতে মাঝেমধ্যেই আমরা প্রকাশ্যে অ্যাসিড বিক্রির দৃশ্য দেখতে পাই। এসব দোকানের অ্যাসিডই হয়তো অস্ত্র হিসেবে কারও ওপর নিক্ষেপ করা হয়। আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত্রতত্র লাইসেন্সবিহীন অ্যাসিড বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেবে।’
জানতে চাইলে, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা ঘটনার পরপরই অ্যাসিড নিক্ষেপকারী ওই যুবককে গ্রেপ্তার করেছি। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা খুব দ্রত তদন্ত শেষ করে মামলাটির অভিযোগপত্র জমা দেওয়ার চেষ্টা করছি। যত্রতত্র লাইসেন্সবিহীন অ্যাসিড বিক্রি বন্ধেও নজরদারি বাড়ানো হচ্ছে। অন্যদিকে চিকিৎসাধীন মেয়েটি সুস্থ হয়ে উঠলে তার নিরাপত্তার দিকে আমরা নজর রাখব।’
পাবনা জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক কিশোরী সপ্তম শ্রেণির ছাত্রীর (১৬) দেড় বছর আগে পাশের গ্রামের উজ্জ্বল হোসেনের সঙ্গে বিয়ে হয়। ফলে স্বামীর সংসারে টিকতে না পেরে সাত মাস পর বাবার বাড়িতে ফিরে আসতে হয় তাকে। নতুন করে স্কুলে ভর্তির প্রস্তুতি নেয় সে। কিন্তু বাধা হয়ে দাঁড়ান স্বামী উজ্জ্বল। তিনি ওই কিশোরীকে জোর করে তাঁর বাড়িতে নেওয়ার চেষ্টা করেন। রাজি না হওয়ায় উজ্জ্বল তাকে ছুরিকাঘাতের পর অ্যাসিডে দগ্ধ করেন। ৪ জুন পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।