অ্যাসিড নিক্ষেপের দায়ে দুই ভাইয়ের ১৪ বছর করে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৃষক আবদুর রাজ্জাককে অ্যাসিড ছোড়ার দায়ে দুই ভাইকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল। দুজনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বুধবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন গামরুলী গ্রামের আবদুর রশিদ ও সাইফুল।
মামলা সূত্রে জানা গেছে, গামরুলী গ্রামের আ. ওয়াহেদের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের খোরশেদ ফকিরের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও রয়েছে। এর জের ধরে ২০০৩ সালের ২১ মে গভীর রাতে আসামিরা পরিকল্পিতভাবে ওয়াহেদের বাড়িতে ঢোকেন। এরপর তাঁরা খোলা জানালা দিয়ে অ্যাসিড ছোড়েন। এতে তাঁর ছেলে আবদুর রাজ্জাকের শরীর ঝলসে যায়। এ ঘটনায় ওয়াহেদ বাদী হয়ে খোরশেদ ফকিরের দুই ছেলে আবদুর রশিদ ও সাইফুলকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন।