অ্যাসিড নিক্ষেপের দায়ে যুবকের যাবজ্জীবন
গাইবান্ধায় অ্যাসিড নিক্ষেপের দায়ে আবদুল খালেক (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গাইবান্ধার জেলা ও দায়রা জজ এবং অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রাশেদা সুলতানা গতকাল বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুল খালেকের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, আনালেরতাড়ি গ্রামের চণ্ডীচরণ মোদকের মেয়ে রাধা রাণীকে (১৭) একই গ্রামের আবদুল খালেক প্রেমের প্রস্তাব দেন। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৭ সালের ৬ নভেম্বর রাতে নিজ ঘরে ঘুমন্ত রাধা রাণী ও তার ছোট বোন বিউটি রাণীকে অ্যাসিড ছুড়ে মারেন আবদুল খালেক। এতে রাধার মুখমণ্ডল, বুক ও ঘাড় এবং বিউটির শরীরের অল্প কিছু অংশ পুড়ে যায়। ঘটনার পরদিন রাধার মা স্নেহলতা আবদুল খালেককে একমাত্র আসামি করে অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে গাইবান্ধা সদর থানায় মামলা করেন।
একপর্যায়ে অ্যাসিডদগ্ধ রাধা রাণী মামলার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন। পরে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়তা তহবিল থেকে মামলা পরিচালনায় তাঁকে সহায়তা দেওয়া হয়। নিয়োগ করা হয় আইনজীবী।
গতকাল রায়ের পর রাধা রাণী বলেন, ‘এই রায়ে আমি খুশি। তবে আরও কঠিন শাস্তি আশা করেছিলাম। আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সব স্বপ্ন অ্যাসিডের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।’
রাধা রাণী আরও বলেন,‘অ্যাসিডদগ্ধ হওয়ার পর প্রথম আলো আমার পাশে দাঁড়িয়েছে। তখন প্রথম আলো আমাকে বাছুরসহ গাভি ও ঘর দেয়। মামলার খরচ চালাতে পারছিলাম না। সে সময় প্রথম আলো মামলা পরিচালনা করতে আইনজীবীও নিয়োগ করে। আমি প্রথম আলোর কাছে কৃতজ্ঞ।’