অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামীসহ তিনজনের আমৃত্যু কারাদণ্ড
স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামীসহ তিনজনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত স্বামীকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন।
ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান গতকাল রোববার এ মামলার রায় ঘোষণা করেন। আমৃত্যু কারাদণ্ডাদেশ পাওয়া তিনজন হলেন অ্যাসিডদগ্ধ নারী মাহফুজা আকতারের স্বামী সুরুজ আলম খান এবং সুরুজের সহযোগী শফিউল ইসলাম ও সেলিম হাওলাদার। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
রায়ে বলা হয়, আসামি সুরুজ আলম আরও দুটি বিয়ে করেছেন। তাঁর তৃতীয় স্ত্রী মাহফুজা আকতার পোশাকশ্রমিক ছিলেন। তাঁকে চাকরি ছাড়তে বলা হলে তিনি তাতে অস্বীকৃতি জানান। এই কারণে সুরুজ ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে অ্যাসিড মারার পরিকল্পনা করেন। তিনি পূর্বপরিকল্পিতভাবে তাঁর দুই সহযোগীকে বাসায় নিয়ে যান। মূল পরিকল্পনাকারী সুরুজের নির্দেশে মাহফুজাকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি সুস্থ হলেও চিরকালের জন্য তাঁর চোখ ও মুখের সৌন্দর্য হারিয়ে ফেলেন। এ মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অ্যাসিড-সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনের ৫ (ক) ধারার অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে। আইনের ৭ ধারা অনুসারে অপরাধে সহায়তাকারীর একই শাস্তি পাওয়ার বিধান রয়েছে। তাই প্রত্যেক আসামিকে যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো।
এই রায়ে অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনোয়ার উল্যা প্রথম আলোকে বলেন, আইনে আছে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়ে কেউ কোনো অঙ্গ হারালে তার শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু আদালত দিয়েছেন যাবজ্জীবন। রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সংস্থা। সংস্থার নির্বাহী পরিচালক সালমা আলী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘একজন মানবাধিকারকর্মী হিসেবে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আশা করেছিলাম, তা হয়েছে।’
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রাজধানীর রূপনগরে গত বছরের ৭ এপ্রিল মাহফুজা অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন। তাঁর সঙ্গে ঘুমিয়ে থাকা নয় বছরের শিশুর দেহও অ্যাসিডে ঝলসে যায়। এ ঘটনায় মাহফুজা স্বামী সুরুজসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, সুরুজের ভাড়া করা দুই আসামি মাহফুজার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান। কিন্তু পাশে থাকা সুরুজ কোনো বাধা দেননি। এতে স্ত্রীর সন্দেহ হয়। পুলিশ ঘটনার তদন্ত করে ৬ জুন তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২২ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করা হয়। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল রায়ের দিন ধার্য করা হয়েছিল।