অ্যাসিড নিক্ষেপের মামলায় দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চরনন্দীগাতী গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলামের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার সিরাজগঞ্জ জেলা জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুস সালেহ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
আসামিরা হলেন, উপজেলার সোানতলা গ্রামের মো. কাশেম আলী ও চরনন্দীগাতী গ্রামের বাবু চান।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৭ এপ্রিল রাতে সামাজিক কলহের জের ধরে চরনন্দীগাতী গ্রামের হাফিজুল ইসলামের ওপর ঘুমিয়ে থাকা অবস্থায় আসামিরা ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। অ্যাসিডে হাফিজুলের মুখ ও শরীর ঝলসে যায়। এ ঘটনায় হাফিজুলের বড় ভাই আবদুর রহমান বাদী হয়ে উল্লাপাড়া থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে দুজনকে আসামি করে একটি মামলা করেন। পরে পুলিশ দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে সাক্ষ্যপ্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। এই মামলায় স্থানীয় বেসরকারি সংগঠন মানব মুক্তি সংস্থা বাদীকে সহায়তা দেয়।