রাজধানীতে ইডেন কলেজের ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী মনির উদ্দিনের কাছে অ্যাসিড বিক্রির ঘটনায় ভৈরবের ব্যাটারি কারখানার মালিক রাশেদ আহমেদকে গতকাল বুধবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।আদালত সূত্র জানায়, গোয়েন্দা পুলিশ গতকাল সকালে রাশেদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, অ্যাসিড নিক্ষেপকারী মনির উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার ভৈরব রাশেদ সাউন্ড সিস্টেমের মালিক রাশেদ আহমেদকে আটক করা হয়। তাঁকে ঢাকায় গোয়েন্দা পুলিশ হেফাজতে রেখে টানা চার দিন জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রাশেদ স্বীকার করেছেন, অ্যাসিড নিক্ষেপকারী মনিরকে তিনি চিনতেন না। তবু ১০০ টাকার বিনিময়ে তাঁর কাছে অ্যাসিড বিক্রি করেন। গোয়েন্দা পুলিশ ধারণা করছে, রাশেদকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা গেলে যত্রতত্র অ্যাসিড বিক্রি, বিপণন ও উৎপাদনের উৎস পাওয়া যাবে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ওসি তপন চন্দ্র সাহা বলেন, রাশেদকে রিমান্ডে আনা হয়েছে। বিয়েতে রাজি না হওয়ায় ১৫ জানুয়ারি ঢাকার চানখাঁরপুলের কাজি অফিসের সামনে মনির ওই ছাত্রীর গায়ে অ্যাসিড ছুড়ে মারেন এবং ছুরিকাঘাত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মেয়েটির চিকিৎসা চলছে।