চট্টগ্রামের মাদ্রাসায় বিস্ফোরণ
অ্যাসিড মামলায় মুফতি ইজহার ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র
ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী এবং তাঁর ছেলে হেফাজতে ইসলামের নেতা হারুন ইজহারের বিরুদ্ধে অ্যাসিড মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ৷
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসাইন। হারুন ইজাহার কারাগারে থাকলেও মুফতি ইজাহার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
অ্যাসিড উদ্ধার মামলার তদন্তকারী কর্মকর্তা নগরের খুলশী থানার এসআই লোকমান হোসাইন প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিন মাদ্রাসার একটি কক্ষ থেকে ১৮টি বোতলে ৫০০ গ্রাম করে নয় হাজার গ্রাম অ্যাসিড উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের গায়ে লেখা আছে এআরটি, ৫২৮০ পিকরিক অ্যাসিড এক্সট্রা পিউর, লোবা চেমি প্রাইভেট লিমিটেড, মুম্বাই, ৪০০০৫ ইন্ডিয়া। পরে এ ঘটনায় অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে মামলা করা হলে আলামত পরীক্ষার জন্য (ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অ্যাসিড) সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। ল্যাবের প্রতিবেদনে উল্লেখ রয়েছে এগুলো পিকরিক অ্যাসিড৷ এগুলো দিয়ে শক্তিশালী বিস্ফোরক ও হাতবোমা তৈরি করা যেত৷ তাই মুফতি ইজহার ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে৷ এতে ২৫ জনকে সাক্ষী রাখা হয়েছে।’
গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন৷ এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পুলিশ খুলশী থানায় পৃথক তিনটি মামলা করে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করলেও পুলিশ চারটি হাতবোমা উদ্ধার করে৷ তদন্ত শেষে পুলিশ বিস্ফোরক মামলায় অভিযোগপত্র দাখিল করে। সর্বশেষ অ্যাসিড মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।