সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ঈমান আলী বলেছেন, অ্যাসিডদগ্ধ ব্যক্তি বা সারভাইভারদের প্রতি অবিচার করা হলে তা হবে বিচার বিভাগের কলঙ্ক। আইনে তদন্ত, সাক্ষী ও বিচারের সময় নির্দিষ্ট করা আছে। তদন্ত যথাসময়ে শেষ না হলে তা তদন্তকারীর ব্যর্থতা। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আছে। কিন্তু সমস্যা হলো পর্যাপ্ত নজরদারি নেই।
গতকাল শনিবার ‘দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিড সহিংসতার মামলায় ন্যায়বিচার নিশ্চিতকরণ’ শীর্ষক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. ঈমান আলী এ কথা বলেন। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্লাস্ট, নারীপক্ষসহ বিভিন্ন আইন সহায়তা সংস্থা এ সম্মেলনের আয়োজন করে।
মো. ঈমান আলী বলেন, অ্যাসিডের ক্ষত দৃশ্যমান। এ ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবেদন কীভাবে দেওয়া হয়, তা বোধগম্য নয়। উচ্চ আদালত থেকে আসামির জামিন দেওয়া বিষয়ে নজরদারি নেই। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল অফিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বিশেষ অতিথি লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন বেগম বলেন, সাক্ষীদের আনা সম্ভব হলেও মামলার প্রয়োজনে চিকিৎসকদের আনা সম্ভব হয় না।
পুলিশের এআইজি ক্রাইম (পূর্ব) আবু কালাম সিদ্দিক বলেন, পুলিশকে একই সময়ে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে হয়। তারপরও পুলিশ আন্তরিকতার সঙ্গে অ্যাসিডদগ্ধদের জন্য কাজ করছে। এএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য ফাওজিয়া করিম ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (অধিকার) রীনা রায়, এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।