অ্যাসিড সন্ত্রাসকে জাদুঘরে পাঠানোর প্রত্যয়
‘সাগরের মাঝে হাবুডুবু খাচ্ছিলাম। আবার ঘুরে দাঁড়াতে পারব, তা চিন্তা করি নাই। মনে হয়েছে, আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। এখন আমি অন্য অ্যাসিডদগ্ধদের সান্ত্বনা দিই। আমার মামলার আসামি ছয় মাস আগে ছাড়া পেয়েছে। সে এখন আমার পায়ে ধরতে আসে। এটা অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের কারণেই সম্ভব হয়েছে।’
আজ শনিবার বিকেলে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এসএসএফ) ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাসিড সন্ত্রাসের শিকার পেয়ারা বেগম এসব কথা বলেন। রাজধানীর এলজিইডি মিলনায়তনে ‘অ্যাসিড সহিংসতা প্রতিরোধে সাফল্য ও সংগ্রামের ১৫ বছর’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ও এএসএফের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান অ্যাসিড সন্ত্রাসকে জাদুঘরে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন প্রজন্ম জানবে অ্যাসিড সন্ত্রাস নামে এক ধরনের সন্ত্রাস ছিল। এর ইতিহাস জানতে হলে জাদুঘরে যেতে হবে।
ইফতেখারুজ্জামান বলেন, অ্যাসিড আক্রমণের ঘটনা কমে আসছে। তবে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না। আইন, বিচার বা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে অপরাধীদের যোগসাজশ থাকায় দীর্ঘসূত্রতার নাম করে অপরাধীদের শাস্তি দেওয়া হচ্ছে না। এ ধরনের চ্যালেঞ্জগুলো সরকারকেই মোকাবিলা করতে হবে।
এএসএফের প্রতিষ্ঠাতা সদস্য ও প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন বলেন, অ্যাসিডদগ্ধ নারীদের সামনে রেখেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে গণমাধ্যমে অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠন এবং অ্যাসিডদগ্ধদের পুনর্বাসনে সহায়তার জন্য প্রথম আলোকে সম্মাননা জানায় এএসএফ। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ প্রমুখ আলোচনা করেন।
অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মৃতির উদ্দেশে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে এসিডদগ্ধদের সহায়তায় হাত বাড়ানো ব্যক্তি-প্রতিষ্ঠান এবং অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। এ ছাড়া অ্যাসিডদগ্ধদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটাসহ নানা ধরনের আয়োজন ছিল।