দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গতকাল বৃহস্পতিবার মারা গেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাপাপাড়া গ্রামের গৃহবধূ নাসরিন আকতার (৪০)। গত বুধবার রাতের ওই অ্যাসিড হামলায় গুরুতর দগ্ধ তাঁর স্বামী রেজওয়ানুল হক (৪৫) হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন।
রেজওয়ানুল হক বীরগঞ্জে বাহাদুরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
রেজওয়ানুলের মেয়ে ইসরাত জাহান জানান, পাশের বাড়িতেই তাঁর বিয়ে হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে মা-বাবার চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে উঠোনে এসে দেখতে পান, তাঁরা দুজনই যন্ত্রণায় ছটফট করছেন। আশপাশের লোকজন এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ভোর পাঁচটার দিকে তাঁদের ঠাকুরগাঁওয়ের আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন খয়রুল কবীর জানান, অ্যাসিডে নাসরিন আকতারের মুখমণ্ডল, বুক, ঘাড়, পিঠ ও দুই হাতের বেশির ভাগ অংশ ঝলসে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা একটার দিকে তিনি মারা গেছেন। তাঁর স্বামী রেজওয়ানুলের মুখের এক পাশ, পিঠ ও বুক ঝলসে গেছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত।
ইসরাত জাহান জানান, তাঁদের বাড়িতে দুটি ঘর। একটিতে থাকেন তাঁর নানি নাছিমা বেগম (৬৫), অন্যটিতে মা-বাবা। দুর্বৃত্তরা তাঁর মা-বাবার ঘরের বেড়া কেটে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।
রেজওয়ানুলের ছেলে নাকিব রেজা জানান, তিনি কক্সবাজারে থেকে লেখাপড়া করেন। তাঁর বাবা ২০০৮ সালে দ্বিতীয় বিয়ে করেন। আমেনা নামের ওই স্ত্রীর সঙ্গে কয়েক বছর সংসার করার পর তাঁদের তালাক হয়ে যায়। এরপর রেজওয়ানুল আবারও আমেনাকে ঘরে তুলে নেন। কিছুদিন আগে আবার তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হলে তাঁরা আলাদা থাকতে শুরু করেন।
নাকিব বলেন, আমেনা এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে তাঁরা ধারণা করছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রেজওয়ানুলের সাবেক স্ত্রী চাপাপাড়া গ্রামের আমেনা বেগম (৩০) ও জুয়েল (৩২) নামের দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।