বীরগঞ্জে অ্যাসিড-সন্ত্রাসের শিকার নাসরিন আকতারের (৪০) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এদিকে, গুরুতর আহত নাসরিনের স্বামী শিক্ষক মো. রেজওয়ানুল হককে (৪৫) উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাসরিনের লাশ বৃহস্পতিবার ঘটনার রাতেই তাঁর নিজ গ্রাম চাপাপাড়ায় দাফন করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাবিবুল হক প্রধান জানান, নাসরিনের ছেলে মো. নাকিব রেজা ওরফে ইমন (১৮) বাদী হয়ে বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ থানায় ২০০৪ সালের অ্যাসিড অপরাধ দমন আইনে একটি মামলা করেছেন। এজাহারে সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি। তবে একই গ্রামের মৃত আইমদ্দিনের কন্যা ও রেজওয়ানুল হকের দ্বিতীয় স্ত্রী মোছা. আমেনা বেগম (২৯) ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার মো. সারোয়ার মোর্শেদ শামীম জানান, অ্যাসিডদগ্ধ শিক্ষকের দ্বিতীয় স্ত্রী আমেনা বেগমকে বীরগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করেছেন। তবে আমেনা তাঁর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানা গেছে।
গত বুধবার গভীর রাতে স্থানীয় বাহাদুর হাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজওয়ানুল হক ও তাঁর স্ত্রী মোছা. নাসরিন বেগমের ওপর ঘুমন্ত অবস্থায় অ্যাসিড ছুড়ে মারে দুর্বৃত্তরা।
এদিকে, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রথম আলো দিনাজপুর বন্ধুসভা আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করবে।