অ্যাসিড-সহিংসতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড-সহিংসতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু তদন্ত না হওয়া ও বিচারহীনতার কারণে অ্যাসিড-সহিংসতা বাড়ছে।

রাজধানীর মিরপুরে ঢাকা চিড়িয়াখানায় ২৮ সেপ্টেম্বর গৃহবধূ নাসিমা আক্তার ওরফে প্রিয়ার ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদ ও অ্যাসিড-সহিংসতার ঘটনা তদন্ত, আসামি গ্রেপ্তার এবং ন্যায়বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা চিড়িয়াখানার সামনে এই মানববন্ধনের আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট৷ মানববন্ধন কর্মসূচিতে প্রথম আলো ট্রাস্ট ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) কর্মীরা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ, এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ, ব্যবস্থাপক মৌসুমি শারমিন ও প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জান্নাতুল বাকের।

এএসএফের ব্যবস্থাপক মৌসুমি শারমিন বলেন, অজ্ঞাতনামা একজন ব্যক্তি চিড়িয়াখানার মতো জায়গায় এ ধরনের ঘটনা কীভাবে ঘটাতে পারে? এটা কি জাতীয় প্রতিষ্ঠানের চরিত্র হতে পারে? যেখানে মানুষ তার পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসে! এসব এলাকায় নজরদারি বাড়ানোর জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ বলেন, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা দেশে ৪০ জন অ্যাসিড-সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ২৬ জন নারী, সাতজন শিশু ও সাতজন পুরুষ রয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ১১ জন এই সহিংসতার শিকার হয়েছেন। এঁরা সবাই স্বল্প আয়ের মানুষ।

গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এই অ্যাসিড-সহিংসতার হার বেড়ে গেছে জানিয়ে সেলিনা আহমেদ বলেন, সুষ্ঠু তদন্ত না হওয়া, বিচারহীনতা—এসব কারণেই অ্যাসিড-সহিংসতার ঘটনা বাড়ছে। গত কয়েক বছর এই সহিংসতা কমে গিয়েছিল। অ্যাসিড নিয়ন্ত্রণ আইন ২০০২-এর সুষ্ঠু বাস্তবায়ন না হওয়ার কারণে এই অ্যাসিড-সহিংসতার হার বাড়ছে বলেও তিনি মনে করেন।

এএসএফের নির্বাহী পরিচালক আরও বলেন, যাঁরা অ্যাসিড বিক্রি ও বিভিন্ন কাজে ব্যবহার করেন—এ ক্ষেত্রে তাঁদেরও দায়বদ্ধতা রয়েছে। পাশাপাশি অ্যাসিড বেচাকেনার ক্ষেত্রে প্রশাসনিক নজরদারির প্রয়োজন।

মানববন্ধন কর্মসূচিতে তাহমিনা ইসলাম নামের একজন অ্যাসিডদগ্ধ নারী নিরাপত্তার দাবি জানিয়ে বলেন, ‘আমরা নারীরা ঘরেও নিরাপদ নই, বাইরেও না।’

প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ বলেন, অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্টের সহায়ক তহবিল কাজ করে যাচ্ছে। ১৯৯৯ সালে যখন সারা দেশে অ্যাসিড-সহিংসতার বিরুদ্ধে এই কার্যক্রম শুরু হয়, তখন এ ধরনের ঘটনা ঘটেছিল প্রায় ৪৮৪টি। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও প্রথম আলো ট্রাস্টের সম্মিলিত প্রচেষ্টায় সচেতনতামূলক কার্যক্রমের ফলে এ বছর এই সহিংসতার হার নেমে এসেছে ৪০-এ। মানুষের সচেতনতার কারণে এই সহিংসতা কমেছে ঠিকই, কিন্তু এ ঘটনা থেমে নেই। মানুষের মধ্যে এই সচেতনতা আরও বাড়াতে হবে। এর প্রতিবাদে জনগণকে আরও সোচ্চার হতে হবে।

মানববন্ধনে অন্য বক্তারা বলেন, গত ১২ বছরে অ্যাসিড-সন্ত্রাসের মামলায় ১৪ জন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। কিন্তু একটি রায়ও কার্যকর হয়নি।

ঢাকা চিড়িয়াখানার সামনে আয়োজিত মানববন্ধনে প্রথম আলো ট্রাস্ট ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) কর্মীরা। ছবি: আশরাফুল আলম
ঢাকা চিড়িয়াখানার সামনে আয়োজিত মানববন্ধনে প্রথম আলো ট্রাস্ট ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) কর্মীরা। ছবি: আশরাফুল আলম

বক্তারা আরও বলেন, অ্যাসিড হামলায় ভুক্তভোগী, তাঁদের পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা, এসব মামলা রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপমুক্ত করা, সাক্ষীদের সাক্ষ্য দিতে উৎসাহিত করা, আপস-মীমাংসা না হওয়ার বিষয়ে সোচ্চার, প্রচার ও গণমাধ্যমে মামলার বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন।

মানববন্ধনে নাসিমা আক্তারের ওপর অ্যাসিড হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং আইনে নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ শেষ করার দাবি জানানো হয়।