অ্যাসিড হামলার প্রতিবাদে মানববন্ধন, শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে মা ও মেয়ের ওপর অ্যাসিড হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁরা অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গাজীপুরে কলেজছাত্রী মাহমুদা আক্তার ওরফে মুক্তার ওপর অ্যাসিড হামলার প্রতিবাদেও মানববন্ধন হয়েছে।
‘আর একটি মুখও যেন অ্যাসিডে ঝলসে না যায়’—এই স্লোগান নিয়ে সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভানেত্রী ফাতেমা জব্বার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সদস্য সমীর কর্মকার, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি ও পটুয়াখালী বন্ধুসভার সভাপতি সাগর মালী।
২৭ আগস্ট সন্ধ্যায় পটুয়াখালীর সদর উপজেলা বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে দ্বিতীয় স্বামীর হাতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন হেলেনা বেগম (৪৫) ও তাঁর মেয়ে সুমি (১৫)। এতে ঝলসে যায় হেলেনার মাথা, গলা ও বুক। সুমির ঝলসে যায় ডান হাত ও পা। গুরুতরভাবে অ্যাসিডদগ্ধ হেলেনাকে ঢাকায় অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গাজীপুরে কলেজছাত্রী মাহমুদার ওপর অ্যাসিড হামলার প্রতিবাদে শিববাড়ী মোড়ে আইডিয়াল কলেজের সামনে মানববন্ধন হয়। বন্ধুসভার উদ্যোগে এই কর্মসূচিতে ওই কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মাহমুদা এ বছর গাজীপুর আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ২৬ আগস্ট ভোররাতে নিজ কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তাঁর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।