অ্যাসিডদগ্ধ ইডেন ছাত্রীর উন্নত চিকিৎসায় বোর্ড গঠন
অ্যাসিডদগ্ধ ও ছুরিকাঘাতে আহত ইডেন কলেজের ছাত্রীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। পুড়ে যাওয়া রোগীদের বিশেষায়িত চিকিৎসা দেওয়া এ ইউনিটের ছয় চিকিৎসকের সমন্বয়ে গতকাল বৃহস্পতিবার বোর্ড গঠন করা হয়। মেয়েটির অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।সূত্র জানায়, গতকাল সকালে বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেনকে প্রধান করে এ বোর্ড গঠন করা হয়। জানতে চাইলে সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘অ্যাসিডে ওই ছাত্রীর চোখ, মুখ, মাথাসহ শরীরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি সারাতে নিবিড় পরিচর্যার পাশাপাশি উন্নততর চিকিৎসা প্রয়োজন। তা ছাড়া মেয়েটির ভবিষ্যৎ আছে। সবকিছু চিন্তা করে এ বোর্ড গঠন করা হয়েছে।’ওই ছাত্রীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সামন্ত লাল বলেন, ‘আসলে তাঁর শরীরের ক্ষতগুলো গভীর। তাই এতটুকু বলতে পারি, তিনি এখনো আশঙ্কামুক্ত নন। আমরা চিকিৎসার মাধ্যমে শারীরিক অবস্থা ভালো করার চেষ্টা করছি।’সামন্ত লাল আরও বলেন, ‘আমরা প্রতি সপ্তাহে বৈঠক করে চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার: ঘটনার তিন দিনেও অভিযুক্ত অ্যাসিড নিক্ষেপকারী মনির ও তাঁর সহযোগী মাসুমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ওই ছাত্রীর পরিবার। মেয়েটির ভাই প্রথম আলোকে জানান, তাঁর বোন জানিয়েছেন, মনির তাঁকে কাজী অফিসে নিয়ে ‘তোকে মারব, তারপর তোর পরিবারের সবাইকে মারব’ বলতে বলতে ছুরি মারেন এবং অ্যাসিড ঢেলে দেন। মেয়েটির ভাই আরও জানান, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা বেশ আতঙ্কে আছেন।এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছি। তবে এখনো আসামিদের গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে।’গত মঙ্গলবার রাজধানীর চানখাঁরপুলের এক কাজি অফিসে ওই ছাত্রীকে অ্যাসিডদগ্ধ ও ছুরিকাঘাত করা হয়। বিয়েতে রাজি না হওয়ায় মনির নামের এক যুবক এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনায় মনিরের বন্ধু মাসুম তাঁর সহযোগী হিসেবে ছিলেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রীর ভাই বংশাল থানায় মনির ও মাসুমকে আসামি করে মামলা করেন।