অ্যাসিডদগ্ধ ইয়াসমিনের হত্যার বিচার দাবি

নারায়ণগঞ্জের ইয়াসমিন আক্তারের গায়ে তাঁর স্বামী সালাহ উদ্দিন ও অন্যরা মিলে গত ২৩ মার্চ অ্যাসিড ছুড়ে মারেন। তাঁর শরীরের ৬০ ভাগেরও বেশি অংশ ঝলসে যায়। চিকিৎসাধীন অবস্থায় ২৬ মার্চ তিনি মারা যান। রাফসান (১১), পুষ্প (৭) ও পাপড়ি (৬) নামের তিনটি সন্তান রেখে গেছেন ইয়াসমিন। তারা এখন বড় হচ্ছে তাদের মামা শাহ আলমের সংসারে।
গতকাল মঙ্গলবার সকালে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) প্রতিষ্ঠার ১৬ বছর পূর্তি এবং ইয়াসমিন আক্তারের হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ইয়াসমিনের মা জায়েদা বেগম, দুই ভাই, বোন এবং তিন ছেলেমেয়ে উপস্থিত হন। তাঁরা এ হত্যার বিচার দাবি করেন।
মানববন্ধনে জানানো হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ঘটনার পরপরই মামলা দায়ের করা হয়েছে। সাত আসামির পাঁচজন গ্রেপ্তার হলেও প্রধান আসামি ইয়াসমিনের স্বামীসহ আরও একজন পলাতক। অন্যদিকে মাকে হারিয়ে চরম নিরাপত্তাহীনতা ও মানবেতর দিন কাটাচ্ছে ইয়াসমিনের তিন ছেলেমেয়ে। মানববন্ধনে তিন সন্তানের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং আইনে নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যেই বিচার-প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে জানানো হয়েছে, ১৯৯৯ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৩ হাজার ২৫৪টি ঘটনায় ৩ হাজার ৬০৭ জন অ্যাসিড আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে নারী ১ হাজার ৮৩৭, পুরুষ ৮৯৫ এবং শিশু ৮৭৫ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তথ্য যাচাই করে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে নারীর তুলনায় পুরুষ আক্রান্তের সংখ্যা বাড়ছে।
মানববন্ধনে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ বলেন, ফাউন্ডেশন দীর্ঘ ১৬ বছর ধরে সংগ্রাম করছে। এখনো অ্যাসিড সন্ত্রাস চিরতরে বন্ধ করা সম্ভব হয়নি। শুধু ইয়াসমিন নন, অ্যাসিড সন্ত্রাসের শিকার হওয়া সবার বিচার নিশ্চিত করতে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।