অ্যাসিডদগ্ধ কিশোরীর দায়িত্ব কে নেবে?
অ্যাসিডদগ্ধ কিশোরীটি হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন। অসহ্য যন্ত্রণায় তার চোখ বেয়ে পানি ঝরছে। এ অবস্থাতেই কখনো সে হেসে উঠছে। আবার কান্নাকাটি করছে। মেয়েটি প্রতিবন্ধী হওয়ায় তার পরিচয়ও জানা যাচ্ছে না।
প্রায় দুই সপ্তাহ ধরে মেয়েটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মেঝেতে দগ্ধ শরীর নিয়ে আছে। তার কোমর থেকে শরীরের নিচের অংশ অ্যাসিডে ঝলসে গেছে। কিন্তু কোথায় ও কীভাবে সে অ্যাসিড-দগ্ধ হয়েছে তা বলতে পারছে না।
গতকাল বৃহস্পতিবার হাসপাতালের গিয়ে মেয়েটিকে তৃতীয় তলার সার্জিক্যাল ওয়ার্ডের মেঝেতে পাওয়া যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর সকালে ওই কিশোরীকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডা মোড় থেকে এনে হাসপাতালে রেখে যান এক যুবক। ওই দিন থেকেই হাসপাতালের মেঝেতেই তার চিকিৎসা চলছে। অনেক চেষ্টা করেও তার পরিচয় জানা যায়নি। অনেক চেষ্টা করার পর একপর্যায়ে সে বলে, তার বাবা তাকে ‘রোজিনা’ বলে ডাকত।
হাসপাতালের কর্তব্যরত নার্স অন্নপূর্ণা বলেন, মেয়েটির মাথায় জট লাগানো চুল ছিল। হাসপাতালে আসার পর চুল কেটে দেওয়া হয়েছে। অন্নপূর্ণা বলেন, ‘অচেতন অবস্থায় ভর্তি করার পর দুই সপ্তাহের চিকিৎসায় তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখন পর্যন্ত সে একা কিছু করতে পারে না। রাতে একা একা গান করে আর কাকে যেন বকাঝকা দেয়। বলে, “আমাকে অ্যাসিড মারলেও আমি নাচব।” মনে হচ্ছে, মেয়েটিকে কে বা কারা নির্যাতনের পর অ্যাসিড মেরে ঝলসে দিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।’
হাসপাতালের আবাসিক চিকিৎসক আক্তারুজ্জামান বলেন, মেয়েটির দুই পা ও কোমর অ্যাসিডে ঝলসে গেছে। মেয়েটির চিকিৎসা সরকারিভাবে করা হচ্ছে। বর্তমানে মেয়েটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
সিভিল সার্জন সেখ মনজুর রহমান বলেন, কিশোরীটির প্রতি বিশেষ নজর দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দিতে কর্তব্যরত চিকিৎসকেদের নির্দেশ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, মেয়েটির সঠিক ঠিকানা বা কোনো অভিভাবক না পাওয়ায় মামলা করা যাচ্ছে না। অবস্থা স্বাভাবিক হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে।