অ্যাসিডদগ্ধ ছাত্রীর অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন কলেজের অ্যাসিডদগ্ধ ওই ছাত্রীর দ্রুত অস্ত্রোপচার করা হবে। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড কাল রোববার এ ব্যাপারে বৈঠকে বসবে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।এদিকে ওই ঘটনায় হওয়া মামলার দুই আসামি মনির ও তাঁর বন্ধু মাসুমকে গতকাল শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিয়েতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার চাঁনখারপুলের এক কাজি অফিসে ওই ছাত্রীকে অ্যাসিডদগ্ধ ও ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ওই দিনই বংশাল থানায় মামলা হয়।মেডিকেল বোর্ডের প্রধান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন গতকাল বলেন, ‘মেয়েটির সিটি স্ক্যান প্রতিবেদন হাতে পেয়েছি। সিটি স্ক্যানে গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। তাঁর দ্রুত অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে বোর্ডের সদস্যরা রোববার বসব।’মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অচিরেই তাঁদের গ্রেপ্তার করা হবে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি দুপুর সোয়া ১২টার দিকে ওই ছাত্রীকে দেখতে যান। এর কিছুক্ষণ পর যান মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। তাঁরা মেয়েটির চিকিৎসার খোঁজখবর নেন। বার্ন ইউনিট থেকে বেরিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি আশা করেন, অচিরেই পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারবে। তবে এ ধরনের ঘটনা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গণমাধ্যমকেও এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।কুমিল্লায় মানববন্ধনআমাদের নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, ইডেন কলেজের ওই ছাত্রী এবং কুমিল্লার দাউদকান্দির এক মাদ্রাসাছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে বিকেলে কুমিল্লায় মানববন্ধন হয়েছে। বেলা তিনটায় নগরের কান্দিরপাড়ে টাউন হলের সামনের সড়কে এই মানববন্ধন হয়।অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার ব্যানারে এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক নাট্যাভিনেত্রী রোকেয়া রফিক বেবী, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিদা আঞ্জুম, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) কুমিল্লার সভাপতি লোকমান হাকিম প্রমুখ। মানববন্ধনে সহযোগিতা করেন প্রথম আলোর কুমিল্লা বন্ধুসভার সদস্যরা।গত ১১ নভেম্বর দাউদকান্দির পদুয়া ইউনিয়নের সোনাকান্দা গ্রামে মাদ্রাসাছাত্রী ফারজানা আক্তারকে অ্যাসিডদগ্ধ করা হয়। ৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই ঘটনায় ফারজানার বোনের ছেলে ফয়সাল ও গৃহকর্মী খাদিজাও অ্যাসিডদগ্ধ হয়।