অ্যাসিডদগ্ধ ছাত্রীর প্রথম অস্ত্রোপচার সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন কলেজের অ্যাসিডদগ্ধ ও ছুরিকাহত ছাত্রীর প্রথম দফা অস্ত্রোপচার গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। দুপুর ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা এ অস্ত্রোপচার হয়। অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলার দুই আসামি মনির ও মাসুমকে গতকালও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত রোববার হাইকোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মনিরকে গ্রেপ্তারের নির্দেশ দেন। গত মঙ্গলবার বংশাল থানার চানখাঁরপুলের এক কাজি অফিসে ওই ছাত্রীকে অ্যাসিডদগ্ধ ও ছুরিকাঘাত করা হয়। ওই ছাত্রীর চিকিত্সায় গঠিত মেডিকেল বোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন গতকাল প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচার করে মেয়েটির মাথা ও মুখের ক্ষতিগ্রস্ত চামড়া কেটে ফেলা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাঁকে আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। দু-এক দিন পর আবার অস্ত্রোপচার করে তাঁর শরীরের অন্য জায়গা থেকে চামড়া নিয়ে ওই অংশগুলোতে তা প্রতিস্থাপন করা হবে।সামন্ত লাল বলেন, প্রথমে ১৫ শতাংশ মনে করা হলেও পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, পুড়ে যাওয়ার পরিমাণ প্রায় ২২ শতাংশ। সে হিসেবে মেয়েটির অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।ওই ছাত্রীর ভাই বলেন, ‘আমরা চাই বিদেশে তার উন্নত চিকিত্সা হোক। সে নিজেও এ আকুতি জানিয়েছে। কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। তাই আমরা এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’গ্রেপ্তার নেই: পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে আদালতের নির্দেশনা গতকাল বিকেল পাঁচটার দিকে সদর দপ্তরে পৌঁছে। গ্রেপ্তারের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।বংশাল থানার ওসি আবদুল কুদ্দুস বলেন, আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।