শেরপুরে অ্যাসিড-সন্ত্রাসের শিকার তাহেরা বেগমকে (৩০) প্রথম আলো ট্রাস্টের অধীন অ্যাসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিল থেকে ৫০ হাজার টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। এদিকে বগুড়ার শাজাহানপুরে গৃহবধূ খালেদা বেগমের ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার বগুড়া শহরে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা।
শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন গতকাল বিকেলে তাঁর কার্যালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ওই সঞ্চয়পত্র তাহেরা বেগমের হাতে তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হায়দর আলী, সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া, স্বেচ্ছাসেবী সংগঠন শাইন-এর নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান, প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়সহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রথম আলো শুধু একটি জনপ্রিয় সংবাদপত্রই নয়, এটি এখন একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সৎ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে পত্রিকাটি নিজস্ব বৈশিষ্ট্য গড়ে তুলেছে।
সঞ্চয়পত্র পেয়ে উচ্ছ্বসিত তাহেরা বেগম বলেন, ‘এই টেকা আমার সংসার চালাইতে ও পোলাপানগর লেখাপড়া করণে অনেক সাহায্য করব।’ জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১০ সালের ৪ এপ্রিল রাতে দুষ্কৃতকারীরা শেরপুর সদরের নাওভাঙ্গা গ্রামের আবদুর রহিম বাদশার স্ত্রী তাহেরা বেগমের ওপর অ্যাসিড নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর দগ্ধ হন এবং তাঁর বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়।
বগুড়ায় মানববন্ধন: বগুড়ার শাজাহানপুরে গৃহবধূ খালেদা বেগমের ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলা বন্ধুসভার সদস্যরা। খালেদা বগুড়ার শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে স্থানীয় দৈনিক উত্তরের খবর-এর সম্পাদক আবদুস সালাম, প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ, বন্ধুসভার নাফিউর নূর, গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য দেন।
শাজাহানপুর উপজেলার মাশিন্দা গ্রামের বাসিন্দা খালেদা বেগমের ওপর গত বৃহস্পতিবার ভোরে শোয়ার ঘরের জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারা হয়। যৌতুকের দাবি মেটাতে না পেরে শ্বশুরবাড়ির লোকজনের সহায়তায় তাঁর ওপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় দেবর ও মামাশ্বশুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।