অ্যাসিডদগ্ধ নারীকে মামলা তুলে নেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অ্যাসিডদগ্ধ এক নারী মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা তাঁকে মামলা তুলে নিতে বারবার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মামলার বাদী হলেন জেলার কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া এলাকার রোজিনা খাতুন (২৬)।পুলিশ ও বাদীর ভাষ্যমতে, সদর উপজেলার পশ্চিম জয়দেবপুরের গনি মুন্সিরটেক এলাকায় পরিবার নিয়ে বাস করতেন রোজিনা। তিনি বাসায় দরজির কাজ করতেন। তাঁর স্বামী জেলা শহরে ফেরি করে কাপড় বিক্রি করতেন। গত ১ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে ওত পেতে থাকা আবুল হাশেম ফকির, রুবেল, মো. জহির ও মিজানুর রহমান তাঁর পথ আটকান। দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে যান রোজিনা। হাশেম ফকির বোতলে নিয়ে আসা অ্যাসিড রোজিনার শরীরে ছুড়ে মেরে পালিয়ে যান। এতে রোজিনার গলা, ঘাড় ও পিঠ অ্যাসিডে ঝলসে গুরুতর জখম হয়। প্রথমে তাঁকে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই ঘটনায় গত ৫ অক্টোবর জয়দেবপুর থানায় মামলা করেন রোজিনা। পরদিন আসামি আবুল হাশেম ফকির ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। রোজিনা খাতুন জানান, ‘আসামি হাশেম ফকিরের কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় আমার স্বামীকে প্রাণনাশের ও আমাকে অ্যাসিড ছুড়ে মারার হুমকি দিয়েছিলেন। এ জন্য ২৮ সেপ্টেম্বর জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। কিন্তু পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আমার ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়। এখন ওই মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে পলাতক অন্য আসামিরা। পুলিশও একজনকে আসামি রেখে বাকিদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে।’মামলার তদন্ত কর্মকর্তা ও জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘অ্যাসিড তো আর চারজনে ছোড়েনি, একজনই ছুড়েছে। তবু মামলাটি গুরুত্বের সঙ্গে দেখছি। আর মামলা তুলে নেওয়ার হুমকির ঘটনায় রোজিনা জিডি দিলে পুলিশ ব্যবস্থা নিতে পারে।’