অ্যাসিডদগ্ধ নারীকে সঞ্চয়পত্রের চেক হস্তান্তর
বরগুনার তালতলী উপজেলার বড় অংকুজানপাড়া গ্রামের অ্যাসিডদগ্ধ গৃহবধূ আকলিমা বেগমকে ৫০ হাজার টাকার সঞ্চয়পত্রের চেক হস্তান্তর করা হয়েছে। বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী গতকাল মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে অ্যাসিডদগ্ধদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, ‘অ্যাসিডদগ্ধ নারীদের আর্থিক পুনর্বাসনের পাশাপাশি প্রথম আলো যে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে তাতে অ্যাসিড-সন্ত্রাস অনেকাংশে হ্রাস পেয়েছে। ভবিষ্যতে তা শূন্যের কোঠায় নেমে আসবে বলে আমরা বিশ্বাস করি।’ স্থানীয় বেসরকারি সংস্থা সংগ্রামের সহকারী পরিচালক মাসউদ সিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, নাট্য পরিচালক তুহিন খান, বরগুনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সমাজসেবক গোলাম সরোয়ার শাহিন, বন্ধুসভার আহ্বায়ক সুশান্ত পোদ্দার প্রমুখ।