অ্যাসিডদগ্ধ নারীরা হাঁটলেন র্যাগম্পে
সৌন্দর্যের প্রথাগত যে সংজ্ঞা আছে, তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজধানীর একটি হোটেলে সোনালি খাতুন (১৪) অংশ নিল ফ্যাশন শোতে। সাতক্ষীরার তালার এই মেয়েটির বয়স যখন মাত্র ১৭ দিন, তখন তার মুখমণ্ডল ঝলসে যায় দুর্বৃত্তের অ্যাসিডে। তাদের এক প্রতিবেশী ছোড়ে এই অ্যাসিড। সোনালির মা-বাবার সঙ্গে সেই প্রতিবেশীর বিরোধ ছিল। সেই হিংসার শিকার হলো মেয়েটি। তবে সোনালি থেমে যায়নি। থামেনি তার মতো আরও ১৫ জন মেয়ে। সবাই মিলে আলোকিত করে তুলল ফ্যাশন শোর সন্ধ্যা। গতকাল মঙ্গলবার এমন একটি ফ্যাশন শো হলো, যাতে অংশ নেওয়া সব মডেলই অ্যাসিড সহিংসতার শিকার।
গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়। বেসরকারি সংগঠন অ্যাকশনএইড বাংলাদেশ এর আয়োজক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এটি পরিচালনা করেন ‘রিডিফাইন্ড বিউটি’ বা সৌন্দর্যের পুনঃসংজ্ঞায়ন নামের এই আসরের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়।
ব্যতিক্রমধর্মী এই ফ্যাশন শো আয়োজনের উদ্দেশ্য ছিল নারীর সহজাত যে ক্ষমতা, তা তুলে ধরা।