অ্যাসিডদগ্ধ মরিয়ম আবারও দুই বছরের জন্য পেলেন ৮০ শতক জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিডদগ্ধ মরিয়মকে আবারও প্রথম আলো ট্রাস্ট দুই বছরের জন্য ৮০ শতক জমি দিয়েছে। ২০১১ সালে একবার তাঁকে দুই বছরের জন্য ৮০ শতক জমি দেওয়া হয়েছিল।মরিয়মের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের শশীভূষণ গ্রামে। গত বুধবার দুপুরে শশীভূষণ বাজারে বন্ধকি জমির দলিল হস্তান্তর করা হয়। ওই দলিল মরিয়মের কাছে হস্তান্তর করেন মাঝের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন এস এম বাহাউদ্দিন, হানিফ মিয়া, আবু জাহের মিয়া, অ্যাসিডদগ্ধ আবুল হাসেম, বিবি মরিয়ম, বিবি রাবেয়া, প্রথম আলোর ভোলা প্রতিনিধি নেয়ামতউল্যাহ প্রমুখ।দলিল পেয়ে মরিয়ম বলেন, ‘অ্যাসিডে পুইর‌্যা (দগ্ধ) যাওনের পর ওর বাহে (স্বামী) ক্যান ব্যবলা (ভারসাম্যহীন) দিয়া গেছে। কামকাজ কিছু করত পারে না। সংসার চলত না। পরথোম আলো যে বন্দকি জমি দিছিল হে জমিত তিনবার ধান অয়, হেই ধান দিয়া কোনরুম সংসার চলতাছে।’জমিজমার বিরোধ নিয়ে ২০০৮ সালের ৫ এপ্রিল রাতে মরিয়মের পরিবারের ওপর অ্যাসিড নিক্ষেপ করে প্রতিপক্ষ। এতে মরিয়ম, তাঁর স্বামী হাসেম, ভাতিজি নূপুর, মেয়ে রাবেয়া ও রাজিয়া দগ্ধ হয়। পরে পাঁচ মাসের রাজিয়া হাসপাতালে মারা যায়। এ ঘটনায় পরের দিন কাঞ্চন চৌকিদারকে আসামি করে মামলা করা হয়। মামলাটি বিচারাধীন রয়েছে।