অ্যাসিডদগ্ধ মাহফিজা পেলেন ৫০ হাজার টাকার সঞ্চয়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে অ্যাসিড-সন্ত্রাসের শিকার মাহফিজা খাতুনকে (৩০) প্রথম আলো ট্রাস্টের অধীন ‘অ্যাসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিল’ থেকে ৫০ হাজার টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে।
নড়াইলের জেলা প্রশাসক আ. গাফফার খান গতকাল সোমবার দুপুরে তাঁর সম্মেলন কক্ষে ওই সঞ্চয়পত্র মাহফিজা খাতুনের হাতে তুলে দেন।
মাহফিজার বাড়ি জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে। ২০০৬ সালের ১০ এপ্রিল রাতে মাহফিজা অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন। জমিজমাসংক্রান্ত বিরোধে চাচাশ্বশুর লুৎফর মোল্যার ছেলে বাবু মোল্যা (৩৫) ও বুলু মোল্যা (৩২) এবং ভাশুরের ছেলে উকিল মোল্যা (৩২) ঘরের জানালা দিয়ে মাহফিজার ওপর অ্যাসিড ছোড়ে উল্লেখ করে কালিয়া থানায় মামলা করা হয়। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন।
সঞ্চয়পত্র পেয়ে মাহফিজা খাতুন বলেন, ‘আমার স্বামীডা অসুখে ভুগতিছে। কাজ-কাম কত্তি পারে না। এই টায়া দিয়ে আমি একমাত্র ছলডারে লেহাপড়া করাব। আমি পোরথম আলোর কাছে চিরদিন ঋণী হয়ে থাকব।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রথম আলো শুধু একটি জনপ্রিয় সংবাদপত্রই নয়, এটি এখন সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সৎ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে পত্রিকাটি নিজস্ব বৈশিষ্ট্য গড়ে তুলেছে। সঞ্চয়পত্র দেওয়ার অনুষ্ঠানে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, প্রথম আলোর নড়াইল প্রতিনিধি কার্ত্তিক দাস, বন্ধুসভার জেলা সভাপতি প্রলয় কীর্ত্তণীয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দীনসহ বন্ধুরা উপস্থিত ছিলেন।