অ্যাসিডদগ্ধ মিতুকে ফরিদপুর থেকে ঢাকায় স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর ডিগ্রি কলেজের ছাত্রী অ্যাসিডদগ্ধ মিতুকে (১৬) গতকাল বৃহস্পতিবার ঢাকায় অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে (এএসএফ) স্থানান্তর করা হয়েছে। এর আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ফরিদপুরের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মো. আবদুল কাদের জানান, ব্র্যাকের সহায়তায় গতকাল বেলা আড়াইটার দিকে মিতুকে ঢাকায় পাঠানো হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার সুমন সেন জানান, অ্যাসিডে মিতুর মুখমণ্ডল, গলা ও বুকের বেশির ভাগ অংশ পুড়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা লাগতে পারে। মিতু প্রথম আলোকে জানায়, স্থানীয় এক বখাটে চার বছর ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। তার ওপর অ্যাসিড নিক্ষেপের সঙ্গে ওই বখাটের হাত রয়েছে। তবে সে ওই বখাটের নাম বলতে রাজি হয়নি।
মিতুর মা নাসিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিচার চেয়ে কী হবে? সরকার কি এর বিচার করবে? দেশে টাকা খরচ করলে তো সব নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়।’ তবে মিতুর ভাই ইমামুল শেখ বলেন, তাঁরা মামলা করবেন। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে রাজৈর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বইলা গ্রামে দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে মিতুকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে।