চিকিৎসার পর আশা নিয়ে আয়নার সামনে তাকালেও আশা দুমড়ে যায়। এই চেহারা কীভাবে মানুষকে দেখাব? অমঙ্গলের চিহ্ন মনে করে বিয়ে বা সামাজিক অনুষ্ঠান কোথাও যেতে দেওয়া হয় না। স্কুলের বন্ধুরা পাশে বসতে চায় না। চেহারার জন্য চাকরিও হারাতে হয়। ঘুমালেও দুঃসহ স্মৃতি পিছু
ছাড়ে না। আত্মহত্যার চিন্তা মাথায় আসে। পরিবারের অসহায়ত্বে একসময় নিজেকেই অপরাধী মনে হতে থাকে।
গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ১৯৯৮ সালে অ্যাসিডদগ্ধ রুনা লায়লা এভাবেই বর্ণনা করেন নিজের এবং অন্যদের জীবনের কাহিনি।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যুক্তরাজ্যের ওয়েস্ট ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়না হারকোর্ট অ্যাসিডদগ্ধদের জন্য মনঃসামাজিক সেবা আবশ্যক বলে মন্তব্য করেন। তিনি মনঃসামাজিক ও মানসিক স্বাস্থ্যসেবার মান নির্ণয় ও নির্দেশিকা তৈরির লক্ষ্যে সম্মেলন থেকে প্রাপ্ত ফলাফলের উপস্থাপনা তুলে ধরেন।
এএসএফের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়ার অ্যাসিড সারভাইভারস
ফাউন্ডেশনের প্রতিনিধি এবং যুক্তরাজ্যের দুজন বিশেষজ্ঞ সম্মেলনে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম, অস্ট্রেলিয়ান হাইকমিশনের কাউন্সিলর প্রিয়া পাওয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ।