অ্যাসিডদগ্ধদের পাশে অ্যাসিডদগ্ধরা

পোশাকটির নাম ‘প্রেশার গার্মেন্ট’। বাংলা করা হয়েছে ‘চাপ পোশাক’। পোশাকটি অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের জন্য। আর এ পোশাক তৈরিও করছেন অ্যাসিডদগ্ধ ব্যক্তিরা। বিশেষ একধরনের কাপড় দিয়ে তৈরি এ পোশাক ত্বকের ওপর চাপ সৃষ্টি করে। অস্ত্রোপচারের পর পোড়া জায়গা শুকাতে শুরু করলে এ পোশাক পরতে হয়।
বনানীতে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে (এএসএফ) আয়শা ও অন্যরা এ পোশাক বানাচ্ছেন। এএসএফের হাসপাতালে অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের আক্রান্ত জায়গার মাপ অনুযায়ী পোশাকটি তাঁরা বানিয়ে দেন। কেবল তৈরি নয়, আয়শা এখন অ্যাসিডদগ্ধ চার নারীকে এ পোশাক তৈরির প্রশিক্ষণও দিচ্ছেন। যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাও এ পোশাক তৈরি করছেন।
পোশাকটি কেন প্রয়োজন জানতে চাইলে আয়শা বলেন, এ পোশাক ঠিকভাবে ব্যবহার করা না হলে দগ্ধ জায়গাটি ফুলে যায়। চামড়ায় টান পড়ে বা কুঁচকে যায়। ফোসকা পড়া, চুলকানি ও দাগের পরিমাণ বেশি হয়। রোগীর ভালো হতেও বেশি সময় লাগে।
আয়শা ও সীমার গল্প: চট্টগ্রামের আয়শা অ্যাসিডদগ্ধ হন ২০০০ সালে ১৪ বছর বয়সে। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় মামা সম্পর্কের একজনের বিয়ের প্রস্তাবে রাজি হননি। এ কারণে ছুড়ে দেওয়া হয় অ্যাসিড।
আয়শার শরীরে অ্যাসিডে পোড়া জায়গাগুলো অনেকটা সমান হয়ে এসেছে। এটি চাপ পোশাক নিয়মমতো পরার সুফল বলেই মত তাঁর। তবে আরও অস্ত্রোপচার লাগবে।
এএসএফে আয়শা মাসে ১২ হাজার টাকা বেতন পান। মুঠোফোনের রং নম্বরে পরিচয়, সেই সূত্রে ২০০৭ সালে বিয়ে। চার বছরের এক মেয়ে এএসএফের শিশু দিবাযত্ন কেন্দ্রে বড় হচ্ছে। প্রথম আলোর অ্যাসিডদগ্ধদের জন্য সহায়তা তহবিল থেকে পাওয়া ৪০ হাজার টাকা দিয়ে গ্রামে ১০ শতাংশ জমি কেনার কথাও জানালেন।
আয়শা যে চারজনকে চাপ পোশাক বানানোর প্রশিক্ষণ দিচ্ছেন, তাঁদের একজন কিশোরগঞ্জের সীমা (১৮)। নরসিংদীতে একটি ডায়িং কারখানায় কাজ করতেন। সহকর্মীর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছুড়ে মারা হয় অ্যাসিড।
কথা বলতে বলতে সীমা ফিরে যান ২০১৩ সালের ফেব্রুয়ারির সেই রাতটিতে। রাত তখন আটটা। কাজ শেষে ফিরছিলেন। হঠাৎ লম্বা বিনুনি ধরে পেছন থেকে টান। তারপরই বোতল দিয়ে মাথায় কিছু ঢেলে দেওয়া হলো। প্রচণ্ড ঠান্ডা অনুভূতি। ততক্ষণে মাথার চুল, চোখ, নাক, মুখসহ শরীরের সামনের দিকের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং এএসএফের হাসপাতালে এ পর্যন্ত পাঁচটি অস্ত্রোপচার করতে হয়েছে। এ জন্য এক পা এবং এক হাত থেকে চামড়া কেটে নিয়ে অ্যাসিডে আক্রান্ত জায়গায় বসানো হয়েছে।
সীমা নিজেও গলায় এ পোশাক পরে আছেন। গোসলের সময় ছাড়া দিন-রাতের বেশির ভাগ সময়ই তা পরে থাকতে হয়।
সীমা জানালেন, বাবাকে নিয়ে এএসএফের কার্যালয়ের কাছেই একটি বাসা ভাড়া নিয়েছেন। চাপ পোশাক প্রশিক্ষণ নেওয়ার জন্য এএসএফ দিচ্ছে ১০ হাজার ২০০ টাকা। গত ডিসেম্বর থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ নেবেন ছয় মাস।
সীমা একই সঙ্গে শাড়িতে কারচুপির কাজ শিখছেন। চালিয়ে যেতে চান পড়াশোনাও। ভর্তি হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে, নবম শ্রেণীতে।
সীমার মতো না হলেও প্রায় কাছাকাছি গল্প অন্য প্রশিক্ষণার্থী হেলেনা ও কাকলির।
চিকিৎসকের কথা: অ্যাসিডদগ্ধ ছাড়াও যারা আগুনে পুড়ে গেছে, দুর্ঘটনার পর যাদের শরীরের কোনো অংশ ফুলে গেছে, পায়ে ক্ষত, রক্ত সঞ্চালনে সমস্যা, হার্নিয়া অস্ত্রোপচারের পর, নারীর সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচারের পর, ক্যানসার অস্ত্রোপচারের আগে-পরে, এমনকি অতিরিক্ত মেদ ও ওজন থাকলেও চিকিৎসকেরা এ পোশাক পরার পরামর্শ দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের উপদেষ্টা চিকিৎসক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, অ্যাসিডদগ্ধসহ যেকোনো ধরনের পোড়া রোগীর চিকিৎসায় এ পোশাক খুবই জরুরি। তবে দেশে সরকারিভাবে এ পোশাক পাওয়ার ব্যবস্থা নেই। দু-একটি প্রতিষ্ঠান বিদেশ থেকে কাপড় এনে পোশাক বানাচ্ছে। এ কারণে দাম খুব বেশি।
এএসএফ সূত্র জানায়, শুধু যদি কারও হাত পুড়ে যায়, সেই হাত ঢাকার জন্যই লাগে প্রায় দুই হাজার টাকার পোশাক। ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার প্রশিক্ষকেরা এএসএফের কর্মীদের এ পোশাক তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেন। ২০০২ সাল থেকে এ বিশেষ ইউনিট চালু করা হয়েছে। তবে বর্তমানে বিদেশ থেকে আনা বিশেষ কাপড় শেষ হয়ে গেছে।
এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ বলেন, আয়শাসহ মোট তিনজন প্রশিক্ষক ছিলেন। তবে ভালো কাজ পাওয়ায় দুজন অন্য জায়গায় চলে গেছেন।