অ্যাসিডদগ্ধদের প্রতি অবিচার বিচার বিভাগের কলঙ্ক
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী বলেছেন, অ্যাসিডদগ্ধ ব্যক্তি বা সারভাইভারদের প্রতি অবিচার করা হলে তা হবে বিচার বিভাগের কলঙ্ক। আইনে তদন্ত, সাক্ষ্য ও বিচারের সময় নির্দিষ্ট করা আছে। তিনি বলেন, তদন্ত যথাসময়ে শেষ না হলে তা তদন্তকারীর ব্যর্থতা। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আছে। কিন্তু সমস্যা হলো পর্যাপ্ত নজরদারি নেই। বিশেষ ট্রাইব্যুনাল কতটুকু প্রাধান্য দিয়ে মামলা শেষ করছে তাও নজরদারির আওতায় আনতে হবে।
আজ শনিবার ‘দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিড সহিংসতার মামলায় ন্যায়বিচার নিশ্চিতকরণ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. ইমান আলী এসব কথা বলেন। রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্লাস্ট, নারীপক্ষসহ বিভিন্ন আইন সহায়তা প্রদানকারী সংস্থা এ সম্মেলনের আয়োজন করে।
বিচারপতি মো. ইমান আলী বলেন, অ্যাসিডের ক্ষত দৃশ্যমান। এ ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবেদন কীভাবে দেওয়া হয় তা বোধগম্য নয়। উচ্চ আদালত থেকে আসামির জামিন দেওয়া বিষয়ে কোনো নজরদারি নেই। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে জানাতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সম্মেলনের বিশেষ অতিথি সংসদবিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন বেগম তাঁর নিজস্ব বিচারিক কার্যক্রমের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, সাক্ষীদের আনা সম্ভব হলেও মামলার প্রয়োজনে চিকিৎসকদের আনা সম্ভব হয় না। সঠিক তথ্য মামলার ফলাফল নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ, তথ্য বিভ্রাট বিষয়ে তিনি সরকারি কৌঁসুলি (পিপি), পুলিশ, আইনজীবী, বেসরকারি সংস্থা এবং অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের সজাগ থাকার আহ্বান জানান।
পুলিশের এআইজি ক্রাইম (পূর্ব) আবু কালাম সিদ্দিক বলেন, পুলিশকে একই সময়ে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে হয়। তারপরও পুলিশ আন্তরিকতার সঙ্গে অ্যাসিডদগ্ধদের জন্য কাজ করছে। তিনি পুলিশের কাজের বিষয়ে কোনো অভিযোগ অথবা সহায়তা পেতে পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি লেখার জন্য অনুরোধ করেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (অধিকার) রীনা রায়, এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ, অ্যাসিডদগ্ধ রাধা রাণী, মনোয়ারা বেগম প্রমুখ সম্মেলনে আলোচনায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন এএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য ফাওজিয়া করিম। বিজ্ঞপ্তি।