অ্যাসিডে ঝলসানোর দায়ে পাঁচজনের যাবজ্জীবন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামে অ্যাসিড ছুড়ে মা ও দুই মেয়েকে ঝলসে দেওয়ার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনার অ্যাসিড সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল-২।
আজ সোমবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ওই পাঁচ আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের জামাল হোসেন (৬০), বুরুজ আলী (৩৫), বাচ্চু মিয়া (৩০), রুকু মিয়া (২৫) ও মানিক মিয়া (২২)।
মামলার বিবরণে জানা যায়, দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের এমদাদুল হকের স্ত্রী শিউলী আক্তারের (২৮) সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের বাচ্চু মিয়ার পারিবারিক কলহ চলছিল। এ বিষয়ে গ্রাম্য দরবারে বাচ্চু মিয়ার সমর্থকেরা শিউলী আক্তার ও তাঁর পরিবারকে ছয় মাসের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেন। এর পরও শিউলী আক্তারের পরিবার এলাকা না ছাড়ায় বাচ্চু ও তাঁর সহযোগীরা ২০০৭ সালের ১৯ মে গভীর রাতে বেড়া কেটে ঘরে ঢুকে অ্যাসিড দিয়ে শিউলী আক্তার ও তাঁর দুই মেয়ে ইতি (৯) ও সাথীর (৭) শরীর ঝলসে দেয়।
এ ঘটনার পর শিউলী আক্তার বাদী হয়ে বাচ্চু মিয়াসহ পাঁচজনকে আসামি করে ২০০৭ সালের ২৬ মে দুর্গাপুর থানায় অ্যাসিড সন্ত্রাস দমন আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছর ১২ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।