অ্যাসিডে ঝলসে গেলেন গৃহবধূ শাশুড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে স্বামী ও শাশুড়ি অ্যাসিড ছুড়ে এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শাশুড়িকে আটক করেছে।
ওই গৃহবধূর নাম এপি খাতুন (২৫)। তিনি উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার তালুকদারপাড়ার আবদুর রহমানের স্ত্রী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এপি খাতুন তাঁর মামাতো ভাই আবদুর রহমানকে পাঁচ বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে শাশুড়ি রমা বেগমের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। গতকাল সকাল নয়টার দিকে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাশুড়ির সঙ্গে তাঁর হাতাহাতি হয়। এ সময় স্বামী ও শাশুড়ি তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে অ্যাসিড ছুড়ে মারেন। ঘটনার পর আবদুর রহমান পালিয়ে যান। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ শাশুড়িকে গ্রেপ্তার করে।