অ্যাসিডে ঝলসে দেওয়া হলো গৃহবধূর শরীর
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আছিয়া খাতুন (৩০) নামের এক গৃহবধূকে অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া (কৃষ্টপুর) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আছিয়ার স্বামী মো. গোলাম মোস্তফা বাদী হয়ে ছয়জনকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন।
গোলাম মোস্তফা জানান, জমি নিয়ে প্রতিবেশী আদিবাসী রবেন পাউরিয়ারের সঙ্গে তাঁর দুই বছর ধরে বিরোধ চলছে। শুক্রবার সকালে তিনি ও তাঁর স্ত্রী আছিয়া বিরোধপূর্ণ ওই জমিতে যান। এ সময় রবেন ও তাঁর ভাইয়েরাসহ ১০-১২ জন লোক তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে রবেন পেছন থেকে একটি বোতলে রাখা অ্যাসিড তাঁর স্ত্রীর শরীরে নিক্ষেপ করেন বলে অভিযোগ করেন গোলাম মোস্তফা। অ্যাসিডে আছিয়ার বাঁ হাত, ঘাড়, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়। তাঁকে বেসরকারি সংস্থা ‘পল্লী শ্রী’র অর্থায়নে ঢাকার গুলশানের অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়েছে।