অ্যাসিডে দুই চোখ হারানো মাসুদাকে আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দুই চোখ হারানো মাসুদা আক্তারকে গতকাল রোববার ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা এডাবের সদস্য সংস্থা প্রতিবন্ধী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়।
গতকাল রংপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ।
জেলা প্রশাসক বলেন, অ্যাসিডে দুই চোখ হারানো মাসুদা আক্তারের পড়াশোনা চালিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এ অর্থ সাহায্য করবে। তিনি মাসুদাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন।
প্রসঙ্গত, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১২ সালের ১৩ আগস্ট নগরের বাবু খাঁ এলাকায় নিজ বাড়িতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়ে দুই চোখ হারায় মাসুদা। সে এখন নগরের সমাজকল্যাণ বিদ্যাবীথি স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ছে। এদিকে মাসুদার পাশে দাঁড়িয়েছে প্রথম আলো। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে তাকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এই বৃত্তির আওতায় সে এসএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে নিতে প্রতি মাসে এক হাজার টাকা পাবে।
গত বছরের ২৩ ডিসেম্বর ‘ভাইয়ের কাছে শুনে শুনে চলে মাসুদার পড়া’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।