অ্যাসিডের মামলার প্রধান আসামি চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি কুমিল্লার বুড়িচং উপজেলার ৭ নম্বর মোকাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। তাঁর নাম মো. সাহেব আলী। তিনি মোকাম ইউনিয়ন যুবলীগের সভাপতি।

২৩ এপ্রিল এ ইউপিতে নির্বাচন। এ ইউপিতে অন্য দুই চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত মো. ফজলুল হক মুন্সী ও বিএনপির মো. জয়নাল আবেদীন।

গতকাল মঙ্গলবার দুপুরে জানতে চাইলে সাহেব আলী বলেন, ‘আমি ১৪ বছর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। এরপর ইউনিয়ন যুবলীগের সভাপতি হয়েছি। এলাকায় কিছু লোক আমার কারণে জুয়া খেলা ও মদ বিক্রি করতে পারে না। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপির কিছু লোক ওয়ান-ইলেভেনের সময় আমার বিরুদ্ধে অ্যাসিডের মামলা দেয়। আওয়ামী লীগের রাজনীতি করায় এ ছাড়া আমার বিরুদ্ধে ছয়টি মামলা ছিল। ওই মামলাগুলো থেকে খালাস পেয়েছি।’

বুড়িচং থানা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৭ মে রাত সোয়া চারটায় বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের গৃহবধূ মেহেরুন্নেসা (৩৫) অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন। এ ঘটনায় ২০ মে তাঁর স্বামী বাদী হয়ে একই গ্রামের বাসিন্দা সাহেব আলী, মো. রবিউল ও মজিবুর রহমানকে আসামি করে বুড়িচং থানায় মামলা করেন। মামলাটি কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতে বিচারাধীন।