অ্যাসিড-সন্ত্রাস নির্মূল করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দশেক আগে বগুড়ার জুলেখা বেগম যখন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন, তখন তাঁর কাছে বেঁচে থাকাটাই ছিল কষ্টকর। সময়ের পরিক্রমায় সেই জুলেখা এখন জীবনের বার্তা নিয়ে অ্যাসিডদগ্ধদের পাশে দাঁড়ান, নতুন করে বাঁচার প্রেরণা দেন।
জুলেখার মতো সিরাজগঞ্জের মানেজা বা নীলারা এখন নানা ধরনের সামাজিক কাজে যুক্ত। কেউ বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছেন, কেউ নিজ এলাকার ছোটখাটো সামাজিক বিরোধ নিষ্পত্তি করছেন। তাঁরা কাজ করে যাচ্ছেন এমন একটি বাংলাদেশের জন্য, যেখানে একজন মানুষও আর অ্যাসিড-সন্ত্রাসের শিকার হবে না।
অ্যাসিড সারভাইভারদের জাতীয় সম্মেলনে গতকাল শনিবার এভাবেই প্রত্যয় ব্যক্ত করলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাসিড-সন্ত্রাসের শিকার নারী ও পুরুষেরা। শিশু একাডেমী মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে বেসরকারি সংস্থা অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন।
সম্মেলনে সবাইকে অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, এখন পর্যন্ত অ্যাসিড-হামলার ঘটনায় ১৪টি ফাঁসির রায় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটিও কার্যকর হয়নি। মন্ত্রী আশ্বাস দেন, রায় কার্যকরে কেন সময় লাগছে সে বিষয়টি তিনি খোঁজ নেবেন।
সকালে দেশের ৫০টিরও বেশি জেলা থেকে আসা অ্যাসিড সারভাইভারদের নিয়ে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী। এরপর অ্যাসিড সারভাইভারদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। পরে আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এ সময় অ্যাসিডদগ্ধদের ওপর তৈরি করা একটি প্রামাণ্যচিত্রে দেখানো হয় কীভাবে অ্যাসিড-সন্ত্রাসের শিকার নারী ও পুরুষেরা সংগঠিত হয়েছেন এবং তাঁরা কীভাবে নারী নির্যাতন প্রতিরোধ ও আইনি অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছেন এবং নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছেন।
দক্ষতা ও যোগ্যতা অনুসারে অ্যাসিডদগ্ধদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, নিঃসন্দেহে সবার প্রচেষ্টার ফলেই অ্যাসিড-সন্ত্রাস কমে এসেছে। ২০০১ সালে যেখানে বছরে চার শতাধিক অ্যাসিড-হামলার ঘটনা ঘটত, সেই সংখ্যা এখন ৬৯-এ নেমে এসেছে।
অ্যাসিড সারভাইভারদের জাতীয় কমিটির সভাপতি রুনা লায়লা সম্মেলনে ঘোষণাপত্র পড়ে শোনান। এতে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক, জেলা হাসপাতালগুলোতে বার্ন ইউনিট গঠন এবং অ্যাসিডদগ্ধদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগের দাবি জানানো হয়।
বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনের হেড অব প্রোগ্রাম (পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স) ড্যানিয়েল লুৎফি নারীর ক্ষমতায়ন, লিঙ্গবৈষম্য দূর ও শিক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কানাডার নতুন মন্ত্রিসভার অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, এটা ২০১৬ সাল। তাই এমন মন্ত্রিসভা। অ্যাসিড-সন্ত্রাসও এই মুহূর্তে বন্ধ হতে হবে, কারণ এটা ২০১৬ সাল।
অ্যাসিড-সন্ত্রাসের শিকার দুই নারী সোনিয়া আক্তার সুইডেন থেকে ও নূরজাহান যুক্তরাষ্ট্র থেকে এই সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে তাঁদের শুভেচ্ছা বার্তা পাঠান। নূরজাহান জানান, প্লাস্টিক সার্জারির জন্য ২০০০ সালে তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এ পর্যন্ত তাঁর ৩৬টি অস্ত্রোপচার হয়েছে। তবু তিনি লেখাপড়া ছাড়েননি।
সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান। অ্যাসিড-সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যদি অপরাধীরা পার পেয়ে যেতে থাকে, তাহলে কখনোই এটা চিরতরে নির্মূল করা সম্ভব হবে না।
‘জাগব আমরা করব জয়, অ্যাসিড-সহিংসতা আর নয়’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত গতকালের জাতীয় সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ডের অধ্যাপক ডায়ানা হারকোর্ট, পিপলস ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।