
‘উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তাকে অনেক সময় বোঝানো যায় না যে আমিও পারি। তখন বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছি। আমার জন্য এ কাজ কোনো ব্যাপারই না। তারপর একসময় সেই কর্মকর্তাই বলেন, তুমি পারবে। হ্যাঁ, আসলেই তাই। আমি বা আমরা এভারেস্টও জয় করতে পারব।’
গতকাল শনিবার বিকেলে নগরের এলজিইডি মিলনায়তনে অ্যাসিডদগ্ধ একজন এভাবেই কথাগুলো বলেন। তবে তিনি গণমাধ্যম কর্মীদের কাছে তাঁর নাম এবং ছবি প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি এর কারণ ব্যাখ্যা করে বলেন, গণমাধ্যমে নাম ও ছবি প্রকাশের পর সবাই তা জানাবে। সেই সব দিনের কথা মনে হয়ে যাবে, যা সহ্য করার ক্ষমতা তাঁর নেই।
এই নারী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত৷ অ্যাসিড-সন্ত্রাস কেড়ে নিয়েছে তাঁর দুই চোখের আলো৷
এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) ১৫ বছর পূর্তি উপলক্ষে ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অ্যাসিডদগ্ধ পেয়ারা বেগম বক্তব্য দিতে গিয়ে ফিরে গেলেন সেই ১৯৯৮ সালে। তিনি বলেন, ‘সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। আবার ঘুরে দাঁড়াতে পারব, তা চিন্তা করি নাই। মনে হয়েছে, আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। এখন আমি অন্য অ্যাসিডদগ্ধদের সান্ত্বনা দিই। আমার মামলার আসামি ছয় মাস আগে ছাড়া পেয়েছে। সে এখন আমার পায়ে ধরতে আসে। এটা অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের কারণেই সম্ভব হয়েছে।’
১৯৯৯ সাল থেকে ২০১৪। ‘অ্যাসিড সহিংসতা প্রতিরোধে সাফল্য ও সংগ্রামের ১৫ বছর’ শীর্ষক অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত এবং অ্যাসিড আক্রান্ত যাঁরা মারা গেছেন তাঁদের স্মৃতির উদ্দেশে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অ্যাসিডদগ্ধদের জন্য সহযোগিতার হাত বাড়ানো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং অ্যাসিডদগ্ধদের সম্মাননা, এসিডদগ্ধদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা ছিল পুরো অনুষ্ঠানে।
অনুষ্ঠানের সভাপতি এএসএফের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান অ্যাসিড-সন্ত্রাসকে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার স্বপ্নের কথা জানান। তিনি বলেন, আইন, বিচার বা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে অপরাধীদের যোগসাজশ থাকায় দীর্ঘসূত্রতার নাম করে অপরাধীদের শাস্তি দেওয়া হচ্ছে না। এই ধরনের চ্যালেঞ্জগুলো সরকারকেই মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ ১৫ বছরের সাফল্য এবং বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
আলোচনায় এএসএফের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন বলেন, অ্যাসিডদগ্ধ মেয়েদের সামনে রেখেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।
গণমাধ্যমে অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠন এবং অ্যাসিডদগ্ধদের পুনর্বাসনে সহায়তা করায় অনুষ্ঠানে প্রথম আলোকে সম্মাননা জানায় এএসএফ। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এ সম্মাননা গ্রহণ করেন। তিনি বলেন, ‘অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে দুটি আইন হওয়ার পর গত বছরও ৮৫ জন অ্যাসিডদগ্ধ হয়েছেন। একজনও যদি দগ্ধ হন, আমরা সভ্য সমাজের দাবি করতে পারব না। দেশকে অ্যাসিড-সন্ত্রাসমুক্ত দেশে পরিণত করতে সরকারকে কাজ করতে হবে।’
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ হচ্ছে। মডেল হিসেবে তা বিশ্বের অন্যান্য দেশ গ্রহণ করছে। দেশে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে। তবে আইনের প্রয়োগ সেভাবে দেখা যাচ্ছে না। এ ক্ষেত্রে সরকারের জবাবদিহি প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আহমেদ, ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ প্রমুখ আলোচনায় অংশ নেন। আলোচকেরা সংঘবদ্ধভাবে অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।