অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে চার ইউনিয়নের মানুষের শপথ
নরসিংদীর মনোহরদীর চরমান্দালিয়ায় মনোহরদী থানার আয়োজনে গতকাল সোমবার অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। সভায় চার ইউনিয়নের প্রায় দুই হাজার নারী-পুরুষ অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে শপথ নেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের সভাপতিত্বে মৌলভীপাড়া নূরানী-হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম।
৩০ মে ওই এলাকায় দুর্বৃত্তের নিক্ষেপ করা অ্যাসিডে গৃহবধূ সাবিকুন নাহার ও তাঁর মা রোকেয়া বেগম দগ্ধ হন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে চার ইউনিয়নের প্রায় দুই হাজার নারী-পুরুষ অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে শপথ নেন। পুলিশ সুপার শপথবাক্য পাঠ করান।
অ্যাসিডে দগ্ধ সাবিকুন নাহারের পরিবারের লোকজন জানান, ২০০৮ সালে চটালিয়াপাড়া এলাকার সাবিনের সঙ্গে একই এলাকার দৌলত মিয়ার বিয়ে হয়। ওই বিয়েতে সাবিকুনের পরিবারের মত ছিল না। দুই বছর সংসার করার পর তাঁদের বিচ্ছেদ ঘটে। ২০১০ সালে পাশের ইউনিয়নের লেবুতলা এলাকার ইব্রাহিম মিয়ার সঙ্গে বিয়ে হয় সাবিকুনের। সম্প্রতি দৌলত মিয়া সাবিকুনের বর্তমান শ্বশুরবাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যান। সেখানে তাঁদের দুজনের মধ্যে কথাবার্তা হয়। এর মধ্যে সাবিকুন তাঁর শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন। এরপর দৌলত মিয়া সাবিকুনের সঙ্গে যোগাযোগ করতে থাকেন এবং তাঁকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এতে সাবিকুনের পরিবার মত দেননি। এ ঘটনায় ক্ষোভে দৌলত শুক্রবার রাতে জানালা দিয়ে অ্যাসিড ছুঁড়ে মারেন। এ ঘটনায় সাবিকুনের বাবা আবদুল মান্নান বাদী হয়ে দৌলতসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাক সরকার, চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিস উদ্দিন, অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের সহায়তাকারী বেসরকারি প্রতিষ্ঠান পাপড়ি-এসএনপিবিআই-এর প্রকল্প কর্মকর্তা তাহমিনা আক্তার, অ্যাসিডদগ্ধ সাবিকুন নাহারের বাবা আবদুল মান্নান প্রমুখ।