অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে মানিকগঞ্জে মানববন্ধন

অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল শনিবার সকালে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে আদালত চত্বরের সামনে মানববন্ধন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই মানববন্ধনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সুশাসনের জন্য নাগরিক (সুজন), স্থানীয় সামাজিক সংগঠন উত্তরণ ও শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদের সদস্যরা। বুধবার দিবাগত রাত দুইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ গ্রামে পারুল আক্তার (২৫) নামের এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তাঁর দুই হাত ও গলার কিছু অংশ ঝলসে যায়। এ ঘটনায় অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিসহ অ্যাসিড-সন্ত্রাস বন্ধে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উত্তরণের সভাপতি বিমল রায়, মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান, শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদের সভাপতি নেহায়েত হাসান প্রমুখ।
ইকবাল হোসেন বলেন, ‘অ্যাসিড-সন্ত্রাসের শিকার ব্যক্তির দেহের ব্যথা কদিন পরেই শেষ হয়, কিন্তু সারাটা জীবন মনে যন্ত্রণা থেকে যায়। কাজেই অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’
মাহবুব আলম বলেন, ‘অ্যাসিডে একটি মুখও যেন ঝলসে না যায়, সেদিকে আমাদের সবারই নজর দেওয়া প্রয়োজন। আমরা কেউ যেন অ্যাসিড-সন্ত্রাসের মতো জঘন্য কাজে জড়িত না হই।’