অ্যাসিড-সন্ত্রাসের শিকার রিপার পাশে মহিলা আইনজীবী সমিতি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অ্যাসিড-সন্ত্রাসের শিকার গৃহবধূ রিপা রানী পণ্ডিতের (২৪) পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সংগঠনটির সহযোগিতায় ৩২ শতক কৃষিজমি বন্ধকি পেয়েছেন তিনি। গতকাল রোববার রিপার বাবার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার সতরশ্রী গ্রামে এক কমিউনিটি সভায় তাঁর পরিবারের সদস্যদের হাতে জমির চুক্তিপত্র হস্তান্তর করা হয়।
অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন ও স্থানীয় বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। নারীনেত্রী কোহিনূর বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আলী আকবর ভূঁইয়া, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের ব্যবস্থাপক মৌসুমী শারমিন প্রমুখ। এ সময় পুলিশ সুপার জয়দেব চৌধুরী রিপার পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
গত বছরের ২৬ জুলাই কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আদমপুর গ্রামে যৌতুক না পেয়ে রিপার মুখে জোর করে পানিমিশ্রিত অ্যাসিড ঢেলে দেওয়া হয়। এতে তাঁর মুখ, গলা ও জিহ্বা পুড়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।