অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে অস্ট্রেলিয়াপ্রবাসীদের চেষ্টা
অস্ট্রেলিয়ায় থাকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশ যেন পেতে পারে, সে জন্য দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো তৎপর হয়েছে। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে। বাংলাদেশিদের আবেদন অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তোলার জন্য পার্লামেন্টের সিনেট কমিটি অনুমোদন দিয়েছে। ইলেকট্রনিক আবেদনটিতে (ই পিটিশন) স্বাক্ষর জোগাড় করতে বাংলাদেশি সংগঠনগুলো চেষ্টা করছে। ১২ আগস্টের মধ্যে এ আবেদন জমা দিতে হবে।
অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশিদের সংগঠন ইউনাইটেড বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নেতৃত্বে প্রবাসীদের ১০৫টি সংগঠন অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আবেদনের স্বাক্ষর সংগ্রহ করছে। এ সংগঠনের সভাপতি অস্ট্রেলিয়াপ্রবাসী চিকিৎসক আয়াজ চৌধুরী। তিনি সিডনির আবর্ন হসপিটালের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। এ হাসপাতালের চিকিৎসকদের সংগঠন অবার্ন হসপিটাল মেডিকেল স্টাফ কাউন্সিলেরও সভাপতি তিনি।
আয়াজ চৌধুরী প্রথম আলোকে জানান, অস্ট্রেলিয়ায় এখন অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা পড়ে আছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান কমনওয়েলথ সিরাম ল্যাব (সিএসএল) সপ্তাহে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরি করছে। অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের হার খুব কম। আর তাই টিকা নেওয়ার হারও কম। এখানে এই বিপুল পরিমাণ টিকা পড়ে থাকার আরেকটি কারণ হলো, এ দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে না। এখানে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার শুরুতে নানা নেতিবাচক প্রচার শুরু হলে এ টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। অস্ট্রেলিয়া এখন এই টিকা দিয়ে দিতে চায়।
প্রথমেই অস্ট্রেলিয়ার এই টিকা পাবে প্রতিবেশী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলো। এরপর পাবে ইন্দোনেশিয়া।
আয়াজ চৌধুরী বলেন, ‘টিকার এই জোগানের কথা জেনে প্রথমে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার উদ্যোগ নিই। তারপর ১০৫টি সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখি। এর একটি কপি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকেও দিই। এরপর আমরা পার্লামেন্টে আবেদন গ্রহণ করার জন্য চেষ্টা করি। পার্লামেন্টে আবেদন গ্রহণ করার জন্য ১০৫টি সংগঠনের পক্ষ থেকে এই ইলেকট্রনিক আবেদনে স্বাক্ষর গ্রহণ করা হচ্ছে।’ আবেদনটির লিংক হলো: https://www.aph.gov.au/e-petitions/petition/EN2869
এই আবেদনের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের অস্ট্রেলিয়া চ্যাপ্টারের সভাপতি আবদুল মতিন এবং অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির ল্যাকেমবা ব্রাঞ্চের প্রেসিডেন্ট মোহাম্মদ জামান।
এই ১০৫ সংগঠনের পাশাপাশি অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশি চিকৎসকদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব অস্ট্রেলিয়ার সভাপতি মোহাম্মদ ইসলামও এক হাজার চিকিৎসকের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেন।
প্রবাসী সংগঠনগুলো আশা করছে, নির্ধারিত সময় অর্থাৎ ১২ আগস্টের মধ্যে বিপুলসংখ্যক মানুষ এ আবেদনে স্বাক্ষর করবেন। তাঁদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশিদের আবেদন জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ায় থাকা বিনা মূল্যের টিকা বাংলাদেশ হয়তো পেতে পারে। কিন্তু তার পরিমাণ খুব বেশি হবে না বলেই মনে করছে সংগঠনগুলো। তাদের এই আবেদনের অন্যতম লক্ষ্য হলো অস্ট্রেলিয়ায় উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা যেন বাংলাদেশ মূল্য দিয়েই কিনতে পারে, সে জন্য দ্বার উন্মোচিত হোক।
ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকার ওপর নির্ভর করেই বাংলাদেশ টিকা দেওয়ার কাজ শুরু করেছিল। একপর্যায়ে সিরাম আর প্রতিশ্রুত টিকা দিতে পারেনি। তখন বাংলাদেশ সরকার ভারতের বাইরে বিকল্প জায়গা থেকে টিকা আনার চেষ্টা করে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে টিকা যে চেয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত ১০ জুন তা গণমাধ্যমকে জানান।
আয়াজ চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সিরাম ল্যাব (সিএসএল) সপ্তাহে ১০ লাখ ডোজ টিকা উৎপাদন করতে পারে। তাদের উৎপাদিত টিকার মূল্য এখন বাংলাদেশ ভারতের সেরামের কাছ থেকে যে দামে নিচ্ছে, এর বেশি হবে না। তবে এ জন্য বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি এবং অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে চুক্তিতে যেতে হবে। বাংলাদেশ সরকার যদি তাদের সঙ্গে চুক্তি করতে পারে, তবে আগামী তিন মাসের মধ্যে এক কোটি ডোজ তারা সরবরাহ করতে পারে। এখানে বাংলাদেশ দূতাবাস আমাদের এ কাজে সহযোগিতা করছে।