অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে তিন সেরা পুরস্কারের দুটি বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানের পর পদক ও সনদ নিয়ে উচ্ছ্বাস করে প্রতিযোগীরা l ছবি: সংগৃহীত
অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানের পর পদক ও সনদ নিয়ে উচ্ছ্বাস করে প্রতিযোগীরা l ছবি: সংগৃহীত

‘পদক জয়ের আশা নিয়ে এসেছিলাম জ্যোতির্বিজ্ঞানের এই প্রতিযোগিতায়। তবে সেরা পুরস্কার পাব, তা ভাবিনি।’ ১১তম এশিয়া-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ‘বেস্ট রেজাল্ট’ পুরস্কার জেতার পর এ কথা বলেন বাংলাদেশ আলফা দলের সদস্য মো. মাহমুদুন্নবী।
গতকাল শনিবার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে শিক্ষার্থীদের জন্য জ্যোতির্বিজ্ঞানের এই প্রতিযোগিতা। ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রাঙ্গণে ১৪ নভেম্বর শুরু হয়েছিল এ অলিম্পিয়াড।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকসান্দর এ নিকোলেভ। তিনি বলেন, কঠিন একটি ধাপ পেরিয়ে সবাই এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগী কম হলেও জ্যোতির্বিজ্ঞান প্রতিযোগিতার তাৎপর্য রয়েছে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রকল্প পরিচালক হুমায়রা ফেরদৌসের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান মিখাইল গ্যাব্রিলভ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, ঢাকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেকসান্দর পেত্রোভিচ দিওমিন এবং ডিআইইউর উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম।
মিখাইল গ্যাব্রিলভ বলেন, ‘পদক ও ডিপ্লোমা অর্জন কাজের স্বীকৃতি। এটি তোমরা মনে রাখবে। তবে আজকেই শেষ নয়; আশা করি আমরা আবারও মিলিত হব বিজ্ঞানের জন্য।’
প্রতিযোগিতার বিটা ও আলফা বিভাগে ‘বেস্ট রেজাল্ট’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের দুই প্রতিযোগী। বিটা বিভাগে ফাইরুজ ইশরাক ও আলফা বিভাগে মো. মাহমুদুন্নবী এ পুরস্কার পান। ‘বেস্ট থিওরিটিক্যাল’ পুরস্কার পেয়েছেন কাজাখস্তানের আগিশেভ দামির। এই তিনজন পেয়েছেন প্রথম গ্রেডের ডিপ্লোমাও।
দ্বিতীয় গ্রেডের ডিপ্লোমা অর্জন করেছেন চার প্রতিযোগী। একজন শ্রীলঙ্কার ও অন্য তিনজন কাজাখস্তানের। শ্রীলঙ্কার শ্যামল রুয়ান্তা জয়ামানে পেয়েছেন ‘বেস্ট টাইগার অ্যান্ড বিয়ার’ পুরস্কার। জয়ামানে বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে পদক পেয়ে আমি বেশ আনন্দ অনুভব করছি।’ তিনি বলেন, ভবিষ্যতে জ্যোতিঃপদার্থবিজ্ঞানী হতে চান তিনি।
সর্বশেষ পুরস্কার তৃতীয় গ্রেডের ডিপ্লোমা অর্জন করেছেন বাংলাদেশের বারহা মেহেরুন পৃথা, শ্রীলঙ্কার এম বি এ দিলশারা ও রাশিয়ার একমাত্র প্রতিযোগী নিকোলাই বেরেযনেভ।
প্রতিযোগিতাটির আয়োজন করেছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবারের প্রতিযোগিতায় চারটি দেশের ২০ জন প্রতিযোগী অংশ নেন। এর আগে ২০১২ সালে বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করে। আগামী বছর প্রতিযোগিতা হবে ভারতে।