চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে গতকাল বুধবার সকালে সপ্তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চের সহযোগিতায় এর আয়োজন করে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। এতে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক শরীফ মাহমুদ সিদ্দিকী। আলোচক হিসেবে ছিলেন অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক গৌতম পাল, সদস্যসচিব হাছান মারুফ, মো. রাসেল, বিজ্ঞান আন্দোলন মঞ্চের আল কাদেরী প্রমুখ। প্রতিযোগিতায় ১৪-১৯ বছর বয়সী ২১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারীদের প্রত্যেককে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যয়নপত্র দেওয়া হয়। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সদস্যসচিব হাছান মারুফ প্রথম আলোকে জানান, বিজয়ী প্রথম ১০ জন আগামী ১৬ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় অলিম্পিয়ার্ডে অংশগ্রহণের সুযোগ পাবে।