আ স ম ফিরোজের সাংসদ পদে বহাল থাকা নিয়ে রুল
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ কোন আইনগত কর্তৃত্ববলে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদে বহাল আছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর গতকাল সোমবার এ রুল দেন।
আ স ম ফিরোজ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশনের সচিব, আইনসচিব, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর পরিচালক, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ নয়জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
যথাসময়ে খেলাপি ঋণ পরিশোধ না করে আ স ম ফিরোজ দশম সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন—এই দাবি করে তাঁর সংসদ সদস্য পদে বহাল থাকার বৈধতা নিয়ে গত সপ্তাহে রিট আবেদনটি করেন পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক। আবেদনের ওপর গতকাল শুনানি হয়।
আ স ম ফিরোজ গত শুক্রবার নিজ নির্বাচনী এলাকা বাউফল উপজেলা সদরের সরকারি পাবলিক মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, ‘যদি কেউর উপঢৌকন দেওয়ার ইচ্ছা থাকে, তবে আর এই ক্রেস্ট না, ক্যাশ চাই।’ ওই অনুষ্ঠান স্থানীয় কেব্ল অপারেটরের মাধ্যমে সম্প্রচার করা হয়। অবশ্য গত রোববার জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তিনি ‘ক্যাশ’ চেয়েছিলেন গল্পচ্ছলে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক। তাঁকে সহায়তা করেন আইনজীবী এ বি এম ছিদ্দিকুর রহমান খান এবং এম মইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
আবেদনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১) (এম) অনুসারে, মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে খেলাপি ঋণ পরিশোধ বা পুনঃতফসিল বা কিস্তি পরিশোধ করে ঋণখেলাপির তালিকা থেকে মুক্ত হতে হবে। দশম সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২ ডিসেম্বর। কিন্তু আ স ম ফিরোজ ব্যাংক থেকে ঋণ পুনঃতফসিল করেন ২৭ নভেম্বর। বাংলাদেশ ব্যাংক পরদিন তা অনুমোদন করে। ফলে গণপ্রতিনিধিত্ব আদেশের ওই ধারা অনুসারে তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। কারণ, মনোনয়নপত্র দাখিলের সময় আইনানুযায়ী ঋণখেলাপি হিসেবে তিনি প্রার্থী হওয়ার অযোগ্য। ফলে তিনি নির্বাচনেও অংশ নিতে পারেন না। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুসারে, ২৬ নভেম্বর পর্যন্ত ফিরোজ ঋণখেলাপি ছিলেন।
আইনজীবী ছিদ্দিকুর রহমান খান পরে প্রথম আলোকে বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে এ নিয়ে আপত্তি দেওয়া হলেও আমলে নেননি। নির্বাচন কমিশনে করা আপিলও আমলে নেওয়া হয়নি। ফিরোজের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তাই ওই সব যুক্তি তুলে ধরে হাইকোর্টে আবেদন করা হয়। নিয়ম-নীতির তোয়াক্কা না করে সোনালী ব্যাংক ওই ঋণ আটবার পুনঃতফসিল করে। পুনঃতফসিলে সোনালী ব্যাংক ১৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬৪ টাকা মওকুফ করে।