আ. লীগ ও বিএনপির মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে দেয়ালে পোস্টার সাঁটানোয় রোববার বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র কামাল উদ্দীন আহমদ এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ কে এম সফি আহমদের দুই সমর্থককে জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পরও সেই পোস্টার না সরানোয় সোমবার দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান সোমবার রাত সাড়ে আটটার দিকে মোবাইলে প্রথম আলোকে বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে পৌর শহরের রেল কলোনিতে দেয়ালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীর পোস্টার সাঁটানোয় রোববার ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুজন সমর্থককে জরিমানা করেছিলেন। এরপরও সেখানে পোস্টার সাঁটানো হয়। এর পরিপ্রেক্ষিতে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ কেন দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেওয়া হবে না?—মর্মে কারণ দর্শাতে চিঠি দেন। মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে দুই প্রার্থীকে জবাব দিতে বলা হয়েছে চিঠিতে। চিঠিতে এ ব্যাপারে তাঁদের সতর্কও করে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির প্রার্থী কামাল উদ্দীন আহমদ বলেন, তিনি কোনো চিঠি পাননি। আওয়ামী লীগের প্রার্থী এ কে এম সফি আহমদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে আরেকজন ফোন ধরে বলেন, তিনি (সফি আহমদ) প্রচারে ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।