আ. লীগ কার্যালয়ের সামনে লোকারণ্য

হাজারো নেতা-কর্মীর ভিড়ে এখন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় লোকে-লোকারণ্য। ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের হাজারো নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল ও মোটর শোভাযাত্রা নিয়ে সেখানে জড়ো হয়েছেন।
সেখানে রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।
নেতা-কর্মীরা সেখানে রাস্তার দুই পাশে চেয়ারে বসে রয়েছেন। আবার অনেকে ঢোল-তবলা বাজিয়ে গান করছেন।
আবার অনেকে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।
আজ শুক্রবার রাজধানীতে বিরোধী দলের সমাবেশের পরিপ্রেক্ষিতে পাল্টা সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে তারা জুমার নামাজের পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ‘সতর্ক’ অবস্থান নেবে। প্রয়োজন হলে রাজপথে নেমে যাতে বিরোধী দলকে মোকাবিলা করা যায়, সে প্রস্তুতি রাখারও নির্দেশ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান করতে এবং জুমার সময় দল বেঁধে মসজিদে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগ রাজধানীতে ১২টি তদারকি দল গঠন করেছে। সাংগঠনিক কার্যক্রমের জন্য এই দল গঠন করলেও মূল উদ্দেশ্য বিরোধী দলের আন্দোলন কর্মসূচি মোকাবিলা করা। কমিটিগুলো মহানগরের ২৭ সাংগঠনিক থানা, ১৭ ইউনিয়ন ও ১০০টি ওয়ার্ডের কার্যক্রম তদারক করবে।