আ. লীগ নেতা গ্রেপ্তারের জেরে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়ায় আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর সমর্থকেরা আজ দুপুরে মইজ্জ্যার টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
পটিয়ায় আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর সমর্থকেরা আজ দুপুরে মইজ্জ্যার টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের জের ধরে আজ বুধবার দুপুর থেকে ঢাকা-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে। আজ বেলা আড়াইটার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ মে পটিয়া শিকলবাহায় নির্মিতব্য ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে পাথর সরবরাহ করাকে কেন্দ্র করে পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরীকে মারধর করেন কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম ও তাঁর লোকজন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম ও তাঁর লোকজনের বিরুদ্ধে ওই দিন রাতে মামলা করেন মুজিবুল হক।

পটিয়ার মইজ্জ্যার টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীর আলমের সমর্থকেরা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
পটিয়ার মইজ্জ্যার টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীর আলমের সমর্থকেরা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম


এ মামলায় আজ বেলা আড়াইটার দিকে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের সামনে থেকে জাহাঙ্গীর আলমকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনার পরপরই জাহাঙ্গীরের সমর্থক ও এলাকাবাসী পটিয়া মইজ্জ্যার টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। তাঁরা সড়কের ওপর বালু জমা করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একই সঙ্গে রাস্তার ওপর অবস্থান করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত জাহাঙ্গীরের মুক্তির দাবি জানান।
এ দিকে সড়ক অবরোধের কারণে বেলা তিনটার পর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে পটিয়া থানায় দুটি নিয়মিত মামলা রয়েছে। এ দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক অবরোধের বিষয়ে তিনি বলেন, একজন আসামিকে গ্রেপ্তারের পর সড়ক অবরোধ করা কোনোমতেই ঠিক নয়।